ভারতে স্টেইনলেস স্টিল উৎপাদন প্রায় ১৯ শতাংশ কমেছে। ২০১৯ সালে দেশটিতে ধাতুটি উৎপাদনের পরিমাণ ছিল ৩৯ দশমিক ৩ লাখ টন। ইন্ডিয়ান স্টেইনলেস স্টিল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইএসএসডিএ) জানিয়েছে, গত বছর সেই পরিমাণ কমে দাঁড়িয়েছে ৩১ দশমিক ৭ লাখ টনে। খবর দ্য হিন্দু বিজনেস লাইন।
তবে আশার কথা হলো, করোনা মহামারীর কারণে দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকার পরও বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ উৎপাদক দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে ভারত। গত বছরের জুনের পর থেকে ভারতে স্টেইনলেস স্টিল উৎপাদন ও চাহিদায় ইংরেজি ‘ভি’ অক্ষরের মতো উন্নতি দেখা যাচ্ছে। গত জুনে দেশটিতে লকডাউন শিথিল করা হয়। তার পরই আবার ফিরতে শুরু করে স্টেইনলেস স্টিলের বাজার।
আইএসএসডিএর প্রেসিডেন্ট কেকে পাহুজা বলেন, ভারতের অর্থনীতি ধীরে ধীরে আগের অবস্থায় ফিরতে শুরু করেছে। এখন সরকারের উচিত খাতভিত্তিক মনোযোগ বাড়ানো এবং যেখানে প্রয়োজন সেখানে যথাযথ প্রণোদনার ব্যবস্থা করা। সে কারণে স্থানীয় উৎপাদন বাড়াতে ও আমদানিনির্ভরতা কমাতে বিশেষ কৌশল হাতে নিতে সংগঠনটির পক্ষ থেকে সরকারকে অনুরোধ করা হয়েছে।










