টি-মোবাইল আগামী পাঁচ সপ্তাহের মধ্যে পাঁচ হাজার কর্মী ছাঁটাই করবে, যা তাদের মোট কর্মীর প্রায় ৭ শতাংশের সমান। ছাঁটাই ক্ষেত্রে বেশির ভাগই হবে করপোরেট ও ব্যাক-অফিসের পদগুলোয়। কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইক সিভার্ট জানান, পদক্ষেপটি কোম্পানির পরিচালনাকে সহজ করবে। কর্মীসংখ্যা কমানোর সময় মনোযোগ এমন পদগুলোয় করা হয়েছে, যা গ্রাহক সেবার সঙ্গে সরাসরি সংযুক্ত নয়। অর্থাৎ খুচরা ও কাস্টমার কেয়ার সেবা কর্মীদের এ ছাঁটায়ের প্রভাব পড়বে না। খবর সিএনএন।
সিভার্ট আরো জানান, গ্রাহকসেবায় কর্মী ব্যয় গত কয়েক প্রান্তিকে উল্লেখযোগ্যভাবে ব্যয়বহুল হয়ে উঠেছে। অনিশ্চিত অর্থনৈতিক পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলায় মাইক্রোসফট ও মেটা কোম্পানির মতো অন্যান্য প্রযুক্তিপ্রতিষ্ঠানের কর্মী ছাঁটায়ের ঘোষণার পর টি-মোবাইলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত আসে।
সর্বশেষ প্রান্তিকের প্রতিবেদন অনুযায়ী, টি-মোবাইলের গত বছরের তুলনায় বিক্রি কমেছে ২ দশমিক ৫ শতাংশ। পাশাপাশি নতুন গ্রাহক সংযোজন কমেছে। গত বছরে কোম্পনিটি সর্বোচ্চ কমসংখ্যক গ্রাহক সংযোগ ও কম মুনাফা প্রবৃদ্ধি অর্জন করেছে। এছাড়া আগস্ট থেকে টি-মোবাইলের স্টকের দাম ৭ শতাংশেরও বেশি কমেছে। সিভার্ট জানান, তিন বছর আগে স্প্রিন্ট কোম্পানি অধিগ্রহণের পর থেকে টি-মোবাইল কোম্পানিটি তার কার্যক্রম আরো সুশৃংখল ও গুছিয়ে আনার জন্য কাজ করছিল। আর বর্তমান পরিস্থিতিতে কর্মী ছাঁটাইয়ের উদ্যোগ অপরিহার্য হয়ে গেছে।










