ইউক্রেনের খাদ্যশস্য রফতানিতে মন্দা পরিস্থিতি তীব্র হচ্ছে। ২০২২-২৩ বিপণন মৌসুমের প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর) দেশটির রফতানি আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৩০ শতাংশ কমেছে। দেশটির কৃষি মন্ত্রণালয় এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কৃষ্ণসাগর দিয়ে খাদ্যশস্য রফতানি চার মাসের জন্য সম্প্রসারণ হলেও রাশিয়া সহযোগিতাপূর্ণ আচরণ করছে না। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শস্যবাহী জাহাজ যাছাই-বাছাই করে ছাড় দেয়ার ক্ষেত্রে সময়ক্ষেপণ করছে, যা রফতানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।
ইউক্রেন বিশ্বের অন্যতন শীর্ষ খাদ্যশস্য উৎপাদক ও রফতানিকারক। মৌসুমের প্রথম ছয় মাসে দেশটি সব মিলিয়ে ২ কোটি ২৬ লাখ ১৩ হাজার টন খাদ্যশস্য রফতানি করেছে। গত মৌসুমের একই সময় রফতানি করা হয়েছিল ৩ কোটি ২১ লাখ ৯৯ হাজার টন।
মোট খাদ্যশস্যের মধ্যে গম রফতানির পরিমাণ দাঁড়িয়েছে ৮৩ লাখ ৮২ হাজার টন। গত মৌসুমের তুলনায় শস্যটির রফতানি ৪৭ শতাংশ কমেছে। তবে ভুট্টা রফতানি ১৫ দশমিক ৭ শতাংশ বেড়ে ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার টনে উন্নীত হয়েছে। যব রফতানি হয়েছে ১৬ লাখ ২৩ হাজার টন, যা আগের মৌসুমের একই সময়ের তুলনায় ৬৮ দশমিক ৮ শতাংশ কম।










