দক্ষতার ঘাটতি এবং বিশেষ করে তথ্যের অভাবে এসএমই উদ্যোক্তারা অনেক পিছিয়ে পড়ছেন। তারা কোথায়, কীভাবে ঋণ পাবেন, পণ্যটি কোথায় রফতানি করতে হবে, সেটি কখন-কীভাবে সে সম্পর্কে পর্যাপ্ত তথ্য না থাকা, পরিচালন দক্ষতার ঘাটতিসহ বেশকিছু কারণে এসএমই খাতের উদ্যোক্তারা নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। গতকাল রাজধানীর গুলশানে একটি হোটেলে আয়োজিত ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘এসএমইদের রফতানির সক্ষমতা বৃদ্ধি; এলডিসি উত্তরণ-পরবর্তী বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা’ শীর্ষক সেমিনার বক্তারা এসব কথা বলেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলাস এবং সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, ‘জিডিপিতে এসএমইদের অবদান প্রায় ৩০ শতাংশ, যদিও তারা নানামুখী প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে। এসএমই খাতের উন্নয়নে উদ্যোক্তাদের মূলধনের জোগান, প্রযুক্তিগত দক্ষতা উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, নীতিসহায়তা দেয়া খুবই জরুরি। আন্তর্জাতিক বাজারে এসএমই খাতের সরব অবস্থান তৈরি করতে হলে পণ্যের বৈচিত্র্য নিয়ে আসতে হবে, বিভিন্ন বাজারে উদ্যোক্তাদের যোগাযোগ বাড়াতে হবে। দেশের শিল্প উন্নয়নের মূল শক্তিই হচ্ছে এসএমইসহ ক্ষুদ্র ও মাঝারি শিল্পগুলো।’ 

তিনি বলেন, ‘এসএমই খাতের উদ্যোক্তারা নানা রকম সমস্যার মধ্যে দিয়ে কাজ করতে হয়। বিদ্যুৎ ও গ্যাসের সংযোগ পাওয়া নিয়ে নানা জটিলতায় পড়তে হয় তাদের। সেক্টর ভিত্তির অবকাঠামোগত সমস্যা সমাধানে নীতি নির্ধারকদের এগিয়ে আসা উচিত। কিন্তু সেটি সেভাবে পাচ্ছেন না উদ্যোক্তারা। কোনো একটি কাজ করতে গেলে উদ্যোক্তাদের দ্বারে দ্বারে ঘুরতে হয়। এরচেয়ে ভালো তাদের জন্য ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) চালু করা। তাহলে তাদের সমস্যা কমে আসবে।’ 

সেমিনারে স্বাগত বক্তব্যে ঢাকা চেম্বারের সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার বলেন, ‘বাংলাদেশের এসএমইদের উন্নয়ন ও এলডিসি-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় আর্থিক ও নীতিসহায়তা প্রদানের লক্ষ্যে এসএমইর সংজ্ঞায় সংশোধন, বিশেষ করে মাঝারিকে পৃথক্‌করণ, রফতানি উন্নয়ন ফান্ড প্রবর্তন, প্রযুক্তিগত উৎকর্ষ সাধনে প্রশিক্ষণ প্রদান, ডাটাবেজ তৈরি, বাজার সম্প্রসারণে বহির্বিশ্বে অনুষ্ঠিত বাণিজ্য মেলা ও পণ্য প্রদর্শনীগুলোয় অংশগ্রহণ বৃদ্ধি এবং সাপ্লাই চেইন ব্যবস্থা শক্তিশালীকরণের ওপর জোর দিতে হবে।’ 

কানাডার হাইকমিশনার ড. লিলি নিকোলাস বলেন, ‘বাংলাদেশের কারিগরি ও ভোকেশনাল শিক্ষা ব্যবস্থা ও রফতানির উন্নয়নে কানাডা সরকার একযোগে কাজ করছে।’ বাণিজ্য সম্প্রসারণে সম্ভাবনাময় দেশগুলোর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের প্রতি তিনি জোরারোপ করেন। হাইকমিশনার জানান, বাংলাদেশের এসএমই খাতের উদ্যোক্তাদের আর্থিক, প্রযুক্তিগত ও দক্ষতার অভাব রয়েছে। এসএমই উদ্যোক্তাদের পণ্য বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ এবং সক্ষমতা বৃদ্ধিতে আরো বেশি হারে গবেষণা কার্যক্রম পরিচালনার ওপর জোর দিতে হবে। 

বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান বলেন, ‘কভিড মহামারীর সময়কালে সৌদি সরকার এসএমই উদ্যোক্তাদের সুরক্ষায় বেশকিছু উদ্যোগ গ্রহণ করে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো সহায়ক নতুন নীতিমালা প্রণয়ন, নীতি সংস্কার ও আর্থিক সহায়তা নিশ্চিতকরণ।’ 

সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান বলেন, ‘এলডিসি-পরবর্তী সময়ে আমাদের এসএমই খাতের উদ্যোক্তারা প্রধানত সক্ষমতার সীমাবদ্ধতা, আর্থিক ও নীতিসহায়তা, যথাযথ অবকাঠামো এবং দক্ষ মানবসম্পদের স্বল্পতার মুখোমুখি হবেন। এমতাবস্থায়, কার্যকর দক্ষতা উন্নয়ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন, আর্থিক ও নীতিসহায়তা প্রদান, বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী শ্রম আইনের সংশোধন, মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর, অবকাঠামো খাতের টেকসই উন্নয়নসহ নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সংযোগ প্রদান এবং নির্ধারিত সময়ের মধ্যে মেগা প্রকল্পগুলোর কার্যক্রম বাস্তবায়ন করতে হবে।’