উন্নত বিশ্বের দেশগুলো দিন দিন কয়লার ব্যবহার যথাসম্ভব কমিয়ে আনছে। ফলে কমছে উত্তোলনও। এ ধারাবাহিকতায় বিদায়ী বছরের সর্বশেষ সপ্তাহে (২৮ ডিসেম্বর শেষ হওয়া) যুক্তরাষ্ট্রে জ্বালানিপণ্যটির উত্তোলন আগের সপ্তাহের তুলনায় ১৮ দশমিক ১ শতাংশ কমেছে। ইউএস এনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশনের (ইআইএ) সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এসঅ্যান্ডপি গ্লোবাল প্ল্যাটস।

বিশ্বের দ্বিতীয় শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ যুক্তরাষ্ট্র। ইআইএর তথ্য অনুযায়ী, আলোচিত সপ্তাহে দেশটির কূপগুলো থেকে সব মিলিয়ে ১ কোটি ৪ লাখ স্টোন (প্রতি স্টোনে ৬.৩৫০২৯ কেজি) কয়লা উত্তোলিত হয়েছে, যা একই বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহের পর সর্বনিম্ন সাপ্তাহিক উত্তোলন। একই সঙ্গে তা আগের বছরের একই সময়ের তুলনায় ৯ শতাংশ কম।

মূলত পশ্চিম মার্কিন যুক্তরাষ্ট্রের পর্বতাঞ্চলীয় রাজ্য ইয়মিং ও মন্টানায় কয়লা উত্তোলন উল্লেখযোগ্য হারে কমেছে। এর প্রভাব পড়েছে দেশটির সামগ্রিক উত্তোলনে। রাজ্য দুটি সাধারণত পাওয়ার রিভার বেসিন থেকে কয়লা আহরণ করে। এ সময় দুই রাজ্যের সম্মিলিত উত্তোলন দাঁড়িয়েছে ৪৫ লাখ স্টোন, যা আগের সপ্তাহের তুলনায় ২০ শতাংশ এবং এক বছর আগের এ সময়ের তুলনায় ১৪ দশমিক ৫ শতাংশ কম। মূলত এ পরিমাণটা ছিল সারা বছরের সর্বনিম্ন সাপ্তাহিক উত্তোলন।

এদিকে এ সপ্তাহে দেশটির ইলিনয় বেসিন থেকে প্রায় ১৬ লাখ স্টোন কয়লা উত্তোলিত হয়েছে, যা আগের সপ্তাহ ও ২০১৮ সালের একই সময়ের তুলনায় যথাক্রমে ১৫ দশমিক ৭ ও ২ দশমিক ২ শতাংশ কম।

একই সময়ে দেশটির উত্তর অ্যাপালিশিয়ান রাজ্যে জ্বালানিপণ্যটির উত্তোলন ১৬ দশমিক ৭ শতাংশ কমে ১৪ লাখ স্টোনে নেমেছে। আগের বছরের একই সপ্তাহের তুলনায় উত্তোলন কমেছে ৩ দশমিক ৫ শতাংশ। এছাড়া মধ্য অ্যাপালিশিয়ানে এ সময় ১৩ লাখ স্টোন কয়লা উত্তোলিত হয়েছে, যা আগের সপ্তাহ ও এক বছর আগের একই সময়ের তুলনায় যথাক্রমে ১৬ দশমিক ২ ও ৫ দশমিক ১ শতাংশ কম।