গত বছর মিসরের পেট্রোলিয়াম পণ্য আমদানি হয়েছে ৬৩৮ কোটি ডলারের, যা পূর্ববর্তী বছরের চেয়ে কমেছে ৩২ দশমিক ৩ শতাংশ। গত শনিবার সেন্ট্রাল এজেন্সি ফর পাবলিক মবিলাইজেশন অ্যান্ড স্ট্যাটিস্টিকস (সিএপিএমএএস) প্রকাশিত উপাত্তে এ তথ্য উঠে এসেছে। খবর সিজিটিএন।

শনিবার এক বিবৃতিতে সিএপিএমএএস জানায়, গত বছর ডিজেল আমদানি সবচেয়ে কমেছে। ২০১৯ সালে ৩৮১ কোটি ৫০ লাখ ডলারের ডিজেল আমদানি হলেও গত বছর আমদানি হয়েছে ৮৫ কোটি ৮০ লাখ ডলারের। তার পরই রয়েছে অক্টেন-পেট্রল, যা আমদানি হয়েছে ৬০ কোটি ৯০ লাখ ডলারের। ২০১৯ সালে অক্টেন-পেট্রল আমদানি হয়েছিল ১৪৮ কোটি ৭০ লাখ ডলারের। এলপিজি আমদানি ২০১৯ সালের ১০৫ কোটি ৩০ লাখ থেকে নেমে এসেছে ৮৪ কোটি ডলারে।

বিবৃতিতে আরো দেখা গেছে, আলজেরিয়া থেকে পেট্রোলিয়াম আমদানি কমেছে। ২০১৯ সালে প্রতিবেশী দেশটি থেকে যেখানে গ্যাস, এলপিজি, ডিজেল ও অক্টেন-পেট্রল আমদানি হয়েছিল ৪৭ কোটি ৮০ লাখ ডলারের, সেখানে গত বছর হয়েছে ১৬ কোটি ১০ লাখ ডলারের। এছাড়া সৌদি আরব, কুয়েত, গ্রিস ও তুরস্ক থেকেও পেট্রোলিয়াম পণ্য আমদানি কমেছে মিসরের।