বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুততম সময়ে ব্যবসা-বাণিজ্যের বিরোধ নিষ্পত্তি, আর্বিট্রেশন বডিগুলোকে অধিক কার্যকর করা এবং বিকল্প বিরোধ নিষ্পত্তি (এডিআর) ব্যবস্থাপনার ওপর ব্যবসায়ীদের আগ্রহ বৃদ্ধিতে একসঙ্গে কাজ করতে চায় এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল এবং শ্রীলংকা ন্যাশনাল আর্বিট্রেশন সেন্টার (এসএলএনএসি)। গতকাল বিকালে এফবিসিসিআইয়ের মতিঝিল কার্যালয়ে এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল এবং এসএলএনএসির মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ আগ্রহের কথা জানায় উভয় পক্ষ। 

বৈঠকে এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এবং এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, ‘এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনাল দ্রুত, সাশ্রয়ী এবং নিরপেক্ষতার সঙ্গে বাণিজ্য বিরোধ নিষ্পত্তি প্রক্রিয়া পরিচালনা করে। আমরা বিশ্বাস করি, একটি স্বচ্ছ ও শক্তিশালী আর্বিট্রেশন সিস্টেম বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণে বড় ভূমিকা রাখতে পারে।’

এ সময় আর্বিট্রেশন ও এডিআর ব্যবস্থাপনা উন্নয়নে এফবিসিসিআইয়ের সঙ্গে যৌথভাগে কাজ করার আগ্রহ ব্যক্ত করেন এসএলএনএসের চেয়ারম্যান হিরান ডে অ্যালুইস। বৈঠকে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি এবং এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালের সদস্য মো. মুনির হোসেন, এফবিসিসিআই পরিচালক এবং এফবিসিসিআই আর্বিট্রেশন ট্রাইব্যুনালের সদস্য প্রীতি চক্রবর্তী, এফবিসিসিআই মহাসচিব মো. আলমগীর, এসএলএনএসের চিফ এক্সিকিউটিভ সিদান্থা কুলাতিলাকে প্রমুখ।