ভারতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমেছে। ১৮ আগস্ট শেষ হওয়া সপ্তাহে রিজার্ভ ৭২৭ কোটি ৩০ লাখ ডলার কমে ৫৯ হাজার ৪৮৮ কোটি ডলারে নেমেছে। সম্প্রতি রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (আরবিআই) সূত্রে এ তথ্য জানা গেছে। খবর দ্য হিন্দু।
গত সপ্তাহে রিজার্ভ ৭০ কোটি ডলার বেড়ে ৬০ হাজার ২১৬ কোটি ডলার হয়েছিল। দেশটির বৈদেশিক রিজার্ভের ইতিহাসে ২০২১ সালের অক্টোবরে সর্বোচ্চ রেকর্ড উচ্চতায় ছিল ৬৪ হাজার ৫০০ কোটি ডলার। গত বছর থেকে বৈশ্বিক চাপের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক রুপিকে রক্ষা করতে রিজার্ভের অর্থ খরচ করতে শুরু করে।
আরবিআই প্রকাশিত সাপ্তাহিক পরিসংখ্যান সাপ্লিমেন্টে বলা হয়েছে, ১৮ আগস্টে শেষ হওয়া সপ্তাহে বৈদেশিক মুদ্রার সম্পদ ৬৬১ কোটি ৩ লাখ ডলার কমে ৫২ হাজার ৭৭৮ কোটি ৬০ লাখ ডলার হয়েছে। বৈদেশিক মুদ্রার সম্পদের মধ্যে ইউরো, পাউন্ড ও ইয়েনের মতো অ-মার্কিন ইউনিটগুলোর মূল্যায়ন বা অবমূল্যায়নের প্রভাব অন্তর্ভুক্ত।










