ইউক্রেনে রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এরই ধারবাহিকতায় জাপানের রাজধানী টোকিওতে গণস্নানাগারে ভাড়া ১৫ সেন্ট বাড়ানোর পরিকল্পনা করছে কর্তৃপক্ষ। খবর মাইনিচি।
টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের কাউন্সিল বলছে, রাজধানী টোকিওতে গণস্নানাগারে ভাড়া বাড়ানোর পরিকল্পনা রয়েছে। সব বয়সীদের জন্য ভাড়া ২০ ইয়েন বা ১৫ সেন্ট বাড়ানো হবে। নতুন প্রস্তাব অনুযায়ী, ১২ বছর ও এর থেকে বেশি বয়সীদের জন্য ভাড়া হবে ৫০০ ইয়েন বা প্রায় ৩ ডলার ৮০ সেন্ট সমপরিমাণ। ৬-১১ বছর বয়সীদের জন্য ভাড়া নির্ধারণ করা হবে ২০০ ইয়েন বা ১ ডলার ৫০ সেন্ট। পাঁচ বছর ও এর থেকে কম বয়সীদের জন্য ভাড়া হবে ১০০ ইয়েন বা ৮০ সেন্ট। আগামী গ্রীষ্মকাল থেকেই নতুন ভাড়া কার্যকর করা হবে।
প্রস্তাবনা অনুমোদন হলে এ নিয়ে দ্বিতীয়বারের মতো গণস্নানাগারের ভাড়া বাড়ানো হবে। এর আগে গত বছর ভাড়া ১০ ইয়েন বা ৮ সেন্ট বাড়ানো হয়েছিল। টোকিও মেট্রোপলিটন গভর্নমেন্টের কাউন্সিল জানায়, রাশিয়া-ইউক্রেন সংঘাতের ফলে ব্যবসা টিকিয়ে রাখতে গণস্নানাগারের ভাড়া বাড়ানো আবশ্যক হয়ে পড়েছে। চলতি বছরের এপ্রিলে টোকিওতে মোট গণস্নানাগারের সংখ্যা ছিল ৪৭৬।










