ব্রাজিলে চলতি বছর সয়াবিন উৎপাদন বিদায়ী বছরের তুলনায় ২ কোটি ৪০ লাখ টন বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। মোট উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১৫ কোটি ২৬ লাখ টনে, যা রেকর্ড সর্বোচ্চ। দেশটির তেলবীজ মাড়াই গ্রুপ এ পূর্বাভাস দিয়েছে। খবর ওয়ার্ল্ড গ্রেইন ডটকম।
গত বছর ভয়াবহ খরার প্রভাবে তেলবীজটির আবাদ ব্যাপক ক্ষতির মুখে পড়ে। তবে এ বছর খরা অনেকটাই কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা কৃষকদের আবাদ বাড়াতে উৎসাহিত করবে।
মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের (এফএএস) দেয়া পূর্বাভাস অনুযায়ী, এ বছর লাতিন আমেরিকার দেশটিতে ৪ কোটি ৩৩ লাখ হেক্টর জমিতে সয়াবিন আবাদের সম্ভাবনা রয়েছে। আগের মৌসুমে আবাদ হয়েছিল ৪ কোটি ৯ লাখ হেক্টরে। এফএএসের পূর্বাভাস অনুযায়ী, উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১৫ কোটি ৩০ লাখ টনে।
ব্রাজিল বিশ্বের শীর্ষ সয়াবিন উৎপাদক ও রফতানিকারক। তেলবীজ মাড়াই গ্রুপ চলতি বছর দেশটি ৯ কোটি ২০ লাখ টন সয়াবিন রফতানি করতে পারে, যা আগের বছরের তুলনায় ১৬ দশমিক ৬ শতাংশ বেশি। যদিও এর আগের মাসে ৯ কোটি ৩০ লাখ টন রফতানির পূর্বাভাস দিয়েছিল গ্রুপটি। এদিকে চলতি বছর সয়াবিন মাড়াইয়ের পরিমাণ দাঁড়াতে পারে ৫ কোটি ২৫ লাখ টনে, আগের বছর যা ছিল ৫ কোটি ৪ লাখ টন।










