ক্যালিফোর্নিয়ায় ১ হাজার ২৫৮ কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা নিয়েছে মার্কিন সেমিকন্ডাক্টর কোম্পানি কোয়ালকম। বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা এবং বাজারে বিদ্যমান প্রতিবন্ধকতার কারণে প্রাতিষ্ঠানিক পুনর্গঠনের অংশ হিসেবে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট বিভাগ। খবর এনগ্যাজেট।
পরিকল্পনা অনুসারে, কোম্পানির ৫০ হাজার কর্মচারীর মধ্যে প্রায় ২ দশমিক ৫ শতাংশ কর্মীকে ছাঁটাই করা হবে। বেশির ভাগ কর্মী ছাঁটাই করা হবে কোম্পানিটির সান দিয়েগো ও সান্তা ক্লারা অফিস থেকে। ৭৫০ জন ইঞ্জিনিয়ারিং টিম থেকে কিছু অংশ এবং বাকিরা প্রযুক্তি ও অ্যাকাউন্টিং বিভাগ থেকে ছাঁটাই হচ্ছে।
প্রাথমিকভাবে কর্মী ছাঁটাইয়ের কারণ হিসেবে দেখা যাচ্ছে আগস্টে প্রকাশিত আয়ের প্রতিবেদন। চলমান অর্থনৈতিক অনিশ্চয়তা ও বাজারের প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে উঠতে কোম্পানিকে পুনর্গঠনের দিকে হাঁটছে কোয়ালকম।
প্রতিষ্ঠানটির আয়ের মূল উৎস স্মার্টফোন। আর সাম্প্রতিক দিনগুলোয় বিশ্বব্যাপী স্মার্টফোন খাতে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। চলতি অর্থবছরে কোয়ালকমের আয় ১৯ শতাংশ কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।
কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে। পাশাপাশি কোম্পানির পুনর্গঠন পরিবর্তনগুলো আগামী অর্থবছরের প্রথমার্ধে শেষ হবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে। পরিবর্তনশীল বাজারের পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে চায় কোম্পানিটি। পাশাপাশি প্রতিবন্ধকতা কাটিয়ে উঠে আয় বাড়াতে চায়।










