ডাইনোসর যে এখনো মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে তা নিয়ে সন্দেহ নেই। তারই একটি প্রমাণ, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সদবি’স নিলামঘরে প্রাগৈতিহাসিক এ প্রাণীর বড় আকারের একটি কঙ্কাল ৪ কোটি ৪৬ লাখ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। রেকর্ড গড়া ডাইনোসরটি স্টেগোসরাস জাতের, ডাকনাম অ্যাপেক্স। নিলামে ওঠা নিরামিষভোজী অ্যাপেক্সের নাক থেকে শুরু করে লেজের দৈর্ঘ্য ২৭ ফুট। সদবি’সের পক্ষ থেকে জানানো হয়েছে, এখন পর্যন্ত যতগুলো সম্পূর্ণ কঙ্কাল পাওয়া গেছে তার মধ্যে এর দাম সর্বোচ্চ। প্রায় ১৫ কোটি বছর আগের কঙ্কালটি যিনি কিনেছেন তার নাম উল্লেখ করা হয়নি। তবে অজ্ঞাতনামা ওই ক্রেতা সদবি’সকে বলেছেন, ‘অ্যাপেক্সের জন্ম যুক্তরাষ্ট্রে এবং থাকবেও যুক্তরাষ্ট্রে।’ যা ইঙ্গিত দেয় কঙ্কালটি মার্কিন কোনো প্রতিষ্ঠানকে দেয়া হবে। ডাইনোসরের শহরখ্যাত যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলীয় কলোরাডো অঙ্গরাজ্যের কাছে ঘটনাক্রমে জীবাশ্মবিদ জেসন কুপার ২০২২ সালে অ্যাপেক্সের সন্ধান পান। অ্যাপেক্স নামটিও জেসন কুপারের দেয়া। তিনি মনে করেন, সে সময় বিশালাকার এ ডাইনোসর প্রকৃতিতে বেশ প্রভাব বিস্তার করেছিল। ধারণা করা হয়, জুরাসিক যুগের শেষের দিকে পৃথিবীতে বিচরণ করত অ্যাপেক্স। এক বিবৃতিতে সদবি’স বলছে, ‘নিলামে তোলা ডাইনোসরটি সেরাদের সেরা। ৪ কোটি ৪৬ লাখ মার্কিন ডলারে বিক্রি হওয়া ‘অ্যাপেক্স’ এ পর্যন্ত আমাদের বিক্রি হওয়া সবচেয়ে দামি জীবাশ্ম, যা ইতিহাস গড়ল।’ নিলামঘরটি আরো জানিয়েছে, যা ধারণা করা হয়েছিল তার তুলনায় ১১ গুণেরও বেশি দামে বিক্রি হয়েছে জীবাশ্মটি। সবচেয়ে বড় আকারের অক্ষত কঙ্কালটির নিলাম প্রক্রিয়ায় সাতজন ক্রেতা অংশ নেন। এর আগে ২০২০ সালে স্ট্যান নামে পরিচিত টিরানোসরাস রেক্সের একটি কঙ্কাল নিলামে বিক্রির রেকর্ড তৈরি হয়েছিল, যা বিক্রি হয়েছিল ৩ কোটি ১৮ লাখ ডলারে।
খবর বিবিসি










