ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) অনুষ্ঠিত হয়েছে বিজনেস আইডিয়া প্রতিযোগিতার দ্বিতীয় সিজন। রোববার (১৬ নভেম্বর) বিকালে মহাখালী ক্যাম্পাসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইএসইউর উপাচার্য প্রফেসর ড. আব্দুল আউয়াল খান।
এ সময় উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নতুন ব্যবসায়িক ধারণায় কাজ করতে হবে ও সমস্যা দেখলেই সেখানে সমাধান ও সম্ভাবনা খুঁজতে হবে। একমাত্র ব্যবসাই পারে তরুণদের সামনে এগিয়ে নিয়ে তাদের অবস্থান বদলে দিতে।
তিনি আরো বলেন, এখন তরুণদের সময়, তারুণ্যের উত্থান আমাকে সর্বদা আনন্দিত করে। শুধু বিজনেস আইডিয়া নয়, রাষ্ট্র জয়ের আইডিয়া নিয়েও অনেক দূর এগিয়ে যেতে হবে। তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি নতুন নতুন আইডিয়া উদ্ভাবনের মাধ্যমে নিজেকে অন্যদের চেয়ে আলাদা করে ক্যারিয়ারে সফল হতে হবে।
অনুষ্ঠানে বিচারক হিসেবে ছিলেন আইএসইউ বিজনেস ক্লাবের উপদেষ্টা এস এম নাসের ইকবাল, ক্লাবের মডারেটর ফারজানা চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক এস কে শোয়াইব আহমেদ এবং আইন বিভাগের প্রভাষক মাইশা আফিয়া জেরিন। এতে আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারপার্সন ড. মুহম্মদ কামরুজ্জামানসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে বিবিএ নবম ব্যাচের তৌহিদ আহমেদ উপম ও লাইজুল করিম জিসানের টিম ‘গ্রিন ল্যান্টার্নস’। রানার্স আপ হয়েছে এলএলবি প্রথম ব্যাচের মুয়াররিফ বিল্লাহ, শায়লা শবনম ও সাদিয়া আক্তারের টিম ‘ফিউচার ফ্রেম’।
—বিজ্ঞপ্তি










