পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পাওয়ার লিমিটেড ও বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গতকাল হাইব্রিড প্লাটফর্মে অনুষ্ঠিত হয়েছে। বারাকা পাওয়ারের ১৮তম এজিএমে কোম্পানি চেয়ারম্যান ফয়সাল আহমদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফাহিম আহমদ চৌধুরী ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ সাইফুল ইসলামসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি কোম্পানিটি। এজিএমে লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত হয়।

অন্যদিকে বারাকা পতেঙ্গা পাওয়ারের ১৫তম এজিএমে চেয়ারম্যান গোলাম রাব্বানী চৌধুরী, এমডি ফয়সাল আহমেদ চৌধুরী ও কোম্পানি সেক্রেটারি মোহাম্মদ রানাসহ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন। এজিএমে সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের জন্য ঘোষিত ২ শতাংশ নগদ লভ্যাংশসহ অন্যান্য এজেন্ডা অনুমোদিত হয়। —বিজ্ঞপ্তি