যুক্তরাষ্ট্রের গৃহ ঋণের গড় সুদহার গত সপ্তাহে কমেছে। এটি দুই মাসের মধ্যে সর্বনিম্ন স্তরে নেমেছে। গৃহ ঋণ হলো ৩০ বছরের ফিক্সড রেট মর্টগেজ। এর ওপর গড় চুক্তির হার ২০ বেসিস পয়েন্ট কমে ৭ দশমিক ৪১ শতাংশে দাঁড়িয়েছে। এটি ছিল ১৭ নভেম্বর শেষ হওয়া সপ্তাহের জন্য। মর্টগেজ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন (এমবিএ) থেকে এ তথ্য জানা গেছে। খবর রয়টার্স।

গত দুই সপ্তাহে এ হার কমেছে ৪৫ বেসিস পয়েন্ট। এখন সেপ্টেম্বরের শেষের দিকে সর্বনিম্ন পর্যায়ে রয়েছে।

১০ বছরের ট্রেজারি নোটের ইল্ড গৃহ ঋণ ব্যয় নির্ধারণ করে। অক্টোবরে বাড়ি কেনার ঋণ ব্যয় দুই দশকের মধ্যে সর্বোচ্চ ৮ শতাংশে পৌঁছেছে।

আরেকটি মর্টগেজ ট্র্যাকারে দেখা গেছে, গড় ৩০ বছরের স্থির মর্টগেজ সুদহারও কমেছে। এটি আগের সপ্তাহে ৭ দশমিক ৪৪ থেকে কমে চলতি সপ্তাহে ৭ দশমিক ২৯ শতাংশ হয়েছে। ফ্রেডি ম্যাকের জরিপে এমন তথ্য উঠে এসেছে।

উভয় ক্ষেত্রে টানা তৃতীয় সাপ্তাহিক পতন দেখা গেছে। এর পেছনে ফেডারেল রিজার্ভের সুদহার না বাড়ানোকে দায়ী করা হচ্ছে। নভেম্বরের শুরুতে ফেড দ্বিতীয় বৈঠকে প্রকৃত সুদহার অপরিবর্তিত রেখেছে। এরপর থেকে ফেডের নীতিনির্ধারকরা জানান, মূল্যস্ফীতি হ্রাসের গতি ধীর হলেই তারা আবারো সুদহার বাড়াবেন।

বিশ্লেষকরা জানান, মর্টগেজ রেট কমে যাওয়ায় বাড়ির ক্রেতার সংখ্যা বাড়বে।

মর্টগেজ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের মার্কেট কম্পোজিট ইনডেক্স গত সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে ৩ শতাংশ বেড়েছে। সূচকটি বাড়ি কেনা ও মর্টগেজ ব্যবহারের হিসাব রাখে।

মর্টগেজ সুদহার কমলেও বাড়ি কেনার সংখ্যা স্বাভাবিকের চেয়ে এখনো অনেক কম। ক্রেতারা এখনো বাড়ির কেনার বিষয়ে সতর্ক। এছাড়া বিক্রেতারা বিক্রির জন্য তাড়াহুড়ো করছেন না। সুতরাং বিক্রির জন্য বাড়ির সরবরাহ এখনো কম।