জনপ্রিয় স্ট্রিমিং প্লাটফর্ম নেটফ্লিক্সের প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়েছে। এক দশকে প্রথমবারের মতো সাবস্ক্রাইবার হারিয়েছে স্ট্রিমিং জায়ান্ট। এ পরিপ্রেক্ষিতে ২ শতাংশ কর্মী ছাঁটাই করেছে নেটফ্লিক্স কর্তৃপক্ষ। খবর বিবিসি।
এক বিবৃতিতে নেটফ্লিক্স বলেছে, নির্দিষ্ট কারো কর্মক্ষমতার ওপর ভিত্তি করে কর্মী ছাঁটাই করা হয়নি। মূলত ব্যবসার নিজস্ব প্রয়োজনেই এ পরিবর্তন আনা হয়েছে। আমরা কেউই আমাদের সহকর্মীদের বিদায় জানাতে চাই না। তাই এ সিদ্ধান্ত নেয়া আমাদের জন্য আরো বেশি কঠিন ছিল।
ব্যবসায়িক প্রবৃদ্ধি শ্লথ হয়ে পড়ায় কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করে প্রতিষ্ঠানটি। ছাঁটাই করা অধিকাংশ কর্মীই যুক্তরাষ্ট্রের। গত এক দশকে প্রথমবার সাবস্ক্রাইবারের সংখ্যা কমেছে স্ট্রিমিং প্লাটফর্মটিতে। এর কয়েক সপ্তাহের মধ্যেই এ সিদ্ধান্ত জানিয়েছে নেটফ্লিক্স। ব্যবসার কোন কোন বিভাগে কর্মী ছাঁটাই হয়েছে তা বিস্তারিত বলা হয়নি। তবে লস অ্যাঞ্জেলেস টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, কর্মী নিয়োগ, যোগাযোগ ও কনটেন্ট বিভাগে এর প্রভাব পড়েছে।
এ বিষয়ে নেটফ্লিক্সের এক মুখপাত্র জানান, আয় প্রবৃদ্ধি কমে যাওয়ার অর্থ হলো প্রতিষ্ঠান হিসেবে আমাদের ব্যয়ের প্রবৃদ্ধিও কমাতে হবে। চলতি বছরের প্রথম প্রান্তিক (জানুয়ারি-মার্চ) শেষে নেটফ্লিক্সের মোট সাবস্ক্রাইবারের সংখ্যা দাঁড়ায় ২২ কোটি ১৬ লাখ। গত বছরের শেষ প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) তুলনায় সাবস্ক্রাইবারের সংখ্যা কিছুটা কম ছিল এবার। অনলাইন স্ট্রিমিং পরিষেবার ক্ষেত্রে এখনো নেটফ্লিক্স শীর্ষস্থানে থাকলেও সাম্প্রতিক কয়েক বছরে ডিজনি প্লাস, এইচবিও ও অ্যামাজন প্রাইম ভিডিওর থেকে কঠোর প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে সাবস্ক্রাইবারের সংখ্যা কমার পেছনে রাশিয়া-ইউক্রেন সংঘাতকে দায়ী করেছে নেটফ্লিক্স। ইউক্রেনে রুশ হামলার পরিপ্রেক্ষিতে রাশিয়ায় পরিষেবা স্থগিতের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। এর জের ধরে সাবস্ক্রাইবার হারায় অনলাইন স্ট্রিমিং প্লাটফর্মটি। সাবস্ক্রাইবারের সংখ্যা কমেছে দুই লাখ। মোট ব্যবহারকারীর হার কমেছে দশমিক ১ শতাংশেরও কম। এছাড়া বছরের প্রথম তিন মাসে আরো ২০ লাখ সাবস্ক্রাইবার কমার আশঙ্কা করছে সংস্থাটি।
সাবস্ক্রাইবাররা অ্যাকাউন্ট শেয়ার করার কারণেও প্রবৃদ্ধি কমেছে প্রতিষ্ঠানটির।
এ বিষয়ে নেটফ্লিক্সের বাণিজ্যিক কর্মকর্তা স্পেনস নিউম্যান বলেন, আগামী দুই বছরে ব্যয় কমাবে প্রতিষ্ঠানটি। পাশাপাশি কয়েক কোটি ডলার বিনিয়োগও বাড়াবে প্লাটফর্মটি।
কর্মী ছাঁটাই ও ব্যয় কমানোর পাশাপাশি কনটেন্টও কমানোর পরিকল্পনা নিয়েছে প্রতিষ্ঠানটি। চলতি বছরের মে মাসে মেগান মার্কেলের অ্যানিমেটেড সিরিজ পার্লের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে নেটফ্লিক্স।
বিশেষজ্ঞরা বলছেন, কভিড-১৯ মহামারীতে ব্যবহারকারীর সংখ্যা বেড়েছিল। ঘরে বসে সময় কাটানোর জন্য নেটফ্লিক্স অ্যাকাউন্টে সাইনইন করে সিনেমা, সিরিজ দেখে সময় ব্যয় করেছে অনেকেই। তবে বিধিনিষেধ শিথিল হওয়ায় আবারো স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। এজন্য ব্যবসা বাড়াতে কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি।










