৩০ জুন সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের সুপারিশ করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পরিচালনা পর্ষদ। আজ বিকেলে অনুষ্ঠিত কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সমাপ্ত হিসাব বছরে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ১১ টাকা ৫৭ পয়সা। যেখানে এর আগের বছরে সমন্বিত ইপিএস ছিল ১১ টাকা শূন্য ৮ পয়সা। এ বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৯১ টাকা শূন্য ১ পয়সায়। আগের হিসাব বছর শেষে যা ছিল ৮৩ টাকা শূন্য ১ পয়সায়।
ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় শেয়ারহোল্ডারদের অনুমোদন নিতে আগামী ২২ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এ-সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ নভেম্বর।










