সৌদি আরবের লোহিত সাগরতীরে চালু হচ্ছে মিরাভাল রিসোর্টস অ্যান্ড স্পা। যুক্তরাষ্ট্রভিত্তিক ব্র্যান্ডটির প্রথম আন্তর্জাতিক আউটলেট এটি। শুরা দ্বীপে আগামী বছর চালু যাওয়া অল-ইনক্লুসিভ ওয়েলনেস রিসোর্টটি শুধু প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত।

উপকূলের প্রায় ৩০ লাখ বর্গফুট জায়গাজুড়ে বিস্তৃত রিসোর্ট ঘিরে থাকবে ম্যানগ্রোভ বন, লেগুন ও উপকূলীয় জলরাশি। বিশ্বের শীর্ষস্থানীয় রিজেনারেটিভ ট্যুরিস্ট সেন্টার হিসেবে পরিকল্পিত দ্য রেড সি প্রজেক্টের অংশ এ রিসোর্ট, যেখানে গুরুত্ব পাচ্ছে টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ ও দায়িত্বশীল পর্যটন।

মিরাভাল রিসোর্টস অ্যান্ড স্পার স্থাপত্য নকশা ফস্টার প্লাস পার্টনারসের, অভ্যন্তরীণ নকশা দেখভাল করছে রকওয়েল গ্রুপ। বায়োফিলিক ডিজাইনের সংজ্ঞা অনুসারে, স্থাপনাটিতে গুরুত্ব পেয়েছে প্রকৃতির প্রতি মানুষের সহজাত টান। প্রবাল প্রাচীর, মরুভূমির দৃশ্য ও ম্যানগ্রোভ বাস্তুতন্ত্র থেকে অনুপ্রাণিত প্রাকৃতিক আকৃতি ও উপকরণ এতে ব্যবহার হবে। নকশার মূল উদ্দেশ্য হলো ঘরের ভেতর ও বাইরের পরিবেশের মধ্যে স্বচ্ছ সংযোগ তৈরি করা, পাশাপাশি জ্বালানি দক্ষতা ও পরিবেশগত দায়িত্ব নিশ্চিত করা।

মিরাভাল রিসোর্টে থাকবে ১৮০টি গেস্টরুম, সুইট ও ভিলা। প্রতিটিই ব্যক্তিগত প্রশান্তির স্থান হিসেবে ডিজাইন করা। সব কক্ষে থাকবে টেরেস বা ডেক, যেখান থেকে আশপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যাবে। ওয়েলনেস-কেন্দ্রিক সুবিধার মধ্যে থাকছে ধ্যানের কুশন, হিমালয়ান সিংগিং বোল ও অতিথির আগ্রহ অনুযায়ী দৈনিক কার্যক্রমের সূচি।

পূর্ণাঙ্গ অল-ইনক্লুসিভ রিসোর্ট হিসেবে থাকবে খাবার, পানীয়, ওয়েলনেস কার্যক্রম ও প্রতিদিন ৭০০ সৌদি রিয়াল রিসোর্ট ক্রেডিট। স্পা ট্রিটমেন্ট, ব্যক্তিগত সেশন বা নির্দিষ্ট কিছু কার্যক্রমে ব্যবহার করা যাবে এ ক্রেডিট। কার্যক্রমের মধ্যে থাকবে মাইন্ডফুলনেস, ফিটনেস, সৃজনশীল কর্মকাণ্ড, আউটডোর এক্সপ্লোরেশন ও স্পা থেরাপি।

ওয়েলনেস সেগমেন্টে থাকবে ধ্যান ও যোগব্যায়ামের জন্য সেরেনিটি সেন্টার, ফিটনেসের জন্য বডি মাইন্ডফুলনেস সেন্টার এবং কায়াকিং ও প্যাডেল বোর্ডিংয়ের মতো কার্যক্রমসহ অ্যাকুয়াটিক সেন্টার। অতিথিরা অংশ নিতে পারবেন মিরাভাল চ্যালেঞ্জ কোর্সে, যেখানে শারীরিক ও মানসিক চ্যালেঞ্জের মাধ্যমে আত্মবিশ্বাস, মানসিক দৃঢ়তা ও দলগত দক্ষতা গড়ে তোলার সুযোগ থাকবে।

রিসোর্টের কেন্দ্রে অবস্থিত লাইফ ইন ব্যালান্স স্পার আয়তন তিন হাজার বর্গমিটার, যেখানে থাকবে ৩৯টি ট্রিটমেন্ট রুম। শুরা দ্বীপের সবচেয়ে বড় এ স্পা পরিষেবায় থাকবে ভাইটালিটি পুল, হাম্মাম, সল্ট রুম, সেন্সরি শাওয়ার ও ব্যক্তিগত ওয়েলনেস সুইট। পাশাপাশি যৌথ ওয়েলনেস অভিজ্ঞতার জন্য মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী মজলিস অনুপ্রাণিত একটি বিশেষ স্থান।

রান্না ও খাবারের ব্যবস্থাপনাও মিরাভালের ওয়েলনেস দর্শনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এবং এর নেতৃত্ব দেবেন নির্বাহী শেফ হামদি হাসান। ডাইনিং অপশনগুলোর মধ্যে থাকবে সারা দিনের খাবার, হালকা খাবার, সূর্যাস্তের সময় টাপাস এবং পুষ্টি ও সচেতন খাদ্যাভ্যাস নিয়ে ইন্টারঅ্যাকটিভ কুলিনারি ওয়ার্কশপ।

খবর ও ছবি অ্যারাবিয়ান বিজনেস