গতকাল পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের প্রায় ২৩ কোটি টাকার মূল্যমানের শেয়ার লেনদেন হয়েছে। এ লেনদেন নিয়ে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সর্বোচ্চ লেনদেনের তালিকায় শীর্ষে অবস্থান করছে কোম্পানিটি। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুসারে, গতকাল ডিএসইতে জেমিনি সি ফুডের মোট ২ লাখ ৬৫ হাজার ২৪৩টি শেয়ার লেনদেন হয়েছে, যার আর্থিক মূল্য ২২ কোটি ৯৩ লাখ ৪০ হাজার টাকা। এদিন কোম্পানিটির শেয়ারদর ৮৪০-৮৯৫ টাকার মধ্যে ওঠানামা করেছে। দিন শেষে শেয়ারটির সর্বশেষ ও সমাপনী দর দাঁড়ায় ৮৪৪ টাকা ৬০ পয়সায়।
চলতি ২০২২-২৩ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) জেমিনি সি ফুড লিমিটেডের আয় হয়েছে ৬৬ কোটি ৬০ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬৪ কোটি ৭৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা আগের হিসাব বছরের একই সময়ের তুলনায় প্রায় চার গুণ বেড়েছে। প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৯ কোটি ৩৪ লাখ টাকা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ কোটি ৪২ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ টাকা ৩০ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ১৬ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৫ টাকা ৩৮ পয়সায়।
সর্বশেষ সমাপ্ত ২০২১-২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের মোট ৪০ শতাংশ লভ্যাংশ দিয়েছে জেমিনি সি ফুড। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৩০ শতাংশ স্টক। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২ টাকা ৪৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৭২ পয়সা। গত বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়ায় ১৩ টাকা ১০ পয়সায়।










