সম্প্রতি ইনফিনিটেডের সঙ্গে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান ইনডিটেক্স ১০ কোটি ইউরো বা ১০ কোটি ৪০ লাখ ডলারেরও বেশি মূল্যের একটি চুক্তি স্বাক্ষর করেছে। চুক্তি অনুযায়ী, এ অর্থ দিয়ে ফিনল্যান্ডের ইনফিনিটেড ফাইবার কোম্পানির উৎপাদিত পুনর্ব্যবহূত তন্তুর ৩০ শতাংশ কিনে নেবে জারা ব্র্যান্ডের মালিকানাধীন প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।

এ চুক্তির মেয়াদ ধরা হয়েছে তিন বছর। টেকসই পণ্যের ব্যবহার বাড়ানোর জন্য এ সিদ্ধান্ত নিয়েছে স্প্যানিশ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠানটি।

২০২৪ সালে প্রথম কোনো বৃহৎ সক্ষমতার কারখানা খোলার পরিকল্পনা করছে ইনফিনিটেড ফাইবার। সম্প্রতি ইনডিটেক্সের সঙ্গে চুক্তিটি নতুন কারখানার অর্থায়নে কাজ করবে। এ বিষয়ে ইনডিটেক্সের চিফ সাসস্টেইনেবল অফিসার জেভিয়ার লোসাডা জানান, সমস্যার সমাধান করতে আমরা সক্রিয়ভাবে কাজ করছি। একই সঙ্গে টেক্সটাইল থেকে টেক্সটাইল পুনর্ব্যবহারের লক্ষ্যে নতুন অংশীদার, প্রক্রিয়া ও উপাদানের খোঁজ করছি আমরা।