ইউক্রেনে ক্ষেপণাস্ত্র হামলায় ডাক বিভাগের ছয় কর্মী নিহত হয়েছেন। এছাড়া আরো ১৪ জন আহত হয়েছেন। গতকাল শনিবার (২১ অক্টোবর) রাতে এ হামলা চালানো হয়। খবর বিবিসি।

দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি টেলিগ্রাম চ্যানেলে হামলা ও হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খারকিভে নোভা পোশতা ডাক অফিসে হামলা করেছে রুশ ক্ষেপণাস্ত্র।

ডাক ভবনটি বেসামরিক অঞ্চলে অবস্থিত। জেলেনস্কির পোস্ট করা ছবিতে একটি ধ্বংসপ্রাপ্ত ভবন দেখা যায়।

খারকিভের আঞ্চলিক গভর্নর ওলেহ সিনিহুবভ জানায়, নিহতরা সবাই ডাক বিভাগে কাজ করতেন। তাদের বয়স ১৯ থেকে ৪২ বছরের মধ্যে। এছাড়া বেশ কয়েকজন বিস্ফোরণে আহত হয়েছে। আহতদের মধ্যে সাতজনের অবস্থা আশংকাজনক।

তিনি আরো বলেন, খারকিভের শান্তিপ্রিয় নাগরিকদের ওপর সন্ত্রাসী হামলা চালাচ্ছে রুশ বাহিনী। 

এদিকে জেলেনস্কি জানান, ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত আছে এবং জরুরি পরিষেবা কাজ করছে। 

রাশিয়া এখনো এ হামলা নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে এর আগেও তারা বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার কথা অস্বীকার করেছে।

খারকিভ ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর, রাশিয়ান সীমান্ত থেকে মাত্র ৩০ কিলোমিটার দূরে অবস্থিত।