হিজবুল্লাহ যদি ইসরায়েলের সঙ্গে যুদ্ধে জড়ায় তাহলে ইসরায়েল সরাসরি ইরানে হামলা চালাবে বলে হুমকি দিয়েছেন ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাত। স্থানীয় সময় রোববার (২২ অক্টোবর) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, হিজবুল্লাহকে দিয়ে ইরানই মূলত ইসরায়েলে হামলা চালানোর পরিকল্পনা করছে।
ডেইলি মেইল বলছে, হামাসকে ‘নিশ্চিহ্ন’ করতে গাজা উপত্যকায় ইসরায়েলের একটি প্রত্যাশিত স্থল আক্রমণের আগে তার এমন উস্কানিমূলক মন্তব্য দ্রুত ক্রমবর্ধমান আঞ্চলিক সংঘাতের ভয়ানক ভীতিকে উত্থাপন করে।
সাক্ষাৎকারে ইসরায়েলের অর্থ ও শিল্পমন্ত্রী নির বারকাত বলেন, ‘ইরানের লক্ষ্য হলো ইসরায়েলের ওপর সব দিক দিয়ে হামলা চালানো। যদি আমরা বুঝতে পারি তারা (হিজবুল্লাহ) ইসরায়েলে হামলা চালাতে চায়, শুধুমাত্র আমাদের সব ফ্রন্টে নয়, আমরা সাপের মাথা, ইরানের ওপরও হামলা চালাব।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি হিজবুল্লাহ ইসরায়েল-লেবানন সীমান্তে পূর্ণমাত্রার যুদ্ধ শুরু করে তাহলে এর ফলাফল হিসেবে ‘পৃথিবীর বুক থেকে হিজবুল্লাহ নিশ্চিহ্ন হয়ে যাবে।’









