দক্ষিণ আফ্রিকায় এইচআইভি ভ্যাকসিন নিয়ে গুরুত্বপূর্ণ এক গবেষণা শুরুর ঠিক এক সপ্তাহ আগে অর্থায়ন বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বন্ধ হয়ে গেছে প্রায় ৪ কোটি ৬০ লাখ ডলারের ‘ব্রিলিয়ান্ট’ নামের এ গবেষণা প্রকল্প। দেশটির বিজ্ঞানীদের মতে, এটি এইচআইভি প্রতিরোধে একটি বড় অগ্রগতি হতে পারত। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অধীনে বিদেশী সহায়তা কমিয়ে আনার সিদ্ধান্তের কারণে প্রকল্পটি বন্ধ হয়ে গেছে। খবর এপি।
এতদিন দক্ষিণ আফ্রিকা প্রতি বছর ইউএসএইড ও এইচআইভি-কেন্দ্রিক পেপফার প্রোগ্রামের মাধ্যমে প্রায় ৪০ কোটি ডলার সহায়তা পেত। সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় এখন পর্যন্ত এ প্রকল্প ও সংশ্লিষ্ট অন্যান্য কার্যক্রম থেকে অন্তত ১০০ গবেষককে ছাঁটাই করা হয়েছে। এরই মধ্যে সরঞ্জাম কেনার কাজ বন্ধ হয়ে গেছে এবং পোস্টডক্টরাল গবেষকদের অর্থায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।
দক্ষিণ আফ্রিকার সরকার জানিয়েছে, সহায়তা বন্ধ হওয়ায় দেশটির বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থাগুলো আগামী পাঁচ বছরে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রায় ১০ কোটি ৭০ লাখ ডলার হারাতে পারে। জাতিসংঘের সংস্থা ইউএনএইডস বলছে, যে ঘাটতি তৈরি হবে তা সহজে পূরণ সম্ভব নয়।










