ইউক্রেনে শুক্রবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তবে এ সময় ৩০টি ড্রোন গুলি করে ভূপাতিত করার দাবি করেছে কিয়েভ। ইউক্রেনীয় বাহিনী গতকাল জানিয়েছে, দেশটির মধ্য ও দক্ষিণাঞ্চলে চালানো এ হামলায় ইরানের তৈরি ৪০টি শাহেদ ড্রোন ব্যবহার করা হয়েছে। খবর রয়টার্স।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, ২০টি ড্রোন দেশটির ভিনিতসিয়া অঞ্চলে ভূপাতিত করা হয়েছে। অন্য ১০টি ধ্বংস হয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসা ও মাইকোলাইভে।
সাউদার্ন কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক জানিয়েছেন, রাশিয়া দানিয়ুব নদী ও বন্দর অবকাঠামোয় আক্রমণ চালিয়ে যাচ্ছে। তারা অর্থনীতিতে প্রভাব ফেলতে ইউক্রেনের অন্যান্য অঞ্চলের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোয় আঘাত হানার চেষ্টা করছে।
চলতি বছরের জুলাই থেকে দানিয়ুব নদী ও ওডেসা বন্দরে ইউক্রেনীয় শস্য রফতানি অবকাঠামোয় বিমান হামলা বাড়িয়েছে। সে সময় জাতিসংঘের হস্তক্ষেপে কৃষ্ণ সাগরীয় শস্য চুক্তি থেকে বেরিয়ে আসে রাশিয়া। চুক্তির মাধ্যমে ইউক্রেন কৃষ্ণ সাগর ব্যবহার করে সারা বিশ্বে নিজেদের শস্য রফতানি করত। কিন্তু রাশিয়া ওই চুক্তি থেকে সরে দাঁড়ানোয় পরিস্থিতি আরো খারাপ হয়েছে।
ভিন্নিতসিয়ার আঞ্চলিক গভর্নর সেরহি বোরজভ জানান, এ অঞ্চলে একটি অবকাঠামোয় বিমান হামলা চালানো হয়েছে, যার ফলে আগুন লাগে। তবে ক্ষয়ক্ষতির বিষয়ে তিনি আর কোনো তথ্য দেননি।
আঞ্চলিক কর্তৃপক্ষ আরো জানায়, দক্ষিণ খেরসন অঞ্চলে তিনজন আহত হয়েছে।










