শিশুদের যাতে পোলিও টিকা দেয়া যায় সে লক্ষ্যে জাতিসংঘের অনুরোধে সেপ্টেম্বরে গাজায় কয়েক ধাপে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল। গতকাল বৃহস্পতিবার (২৯ আগস্ট) এ তথ্য জানিয়েছে জাতিসংঘ ও ইসরায়েলি কর্মকর্তারা। খবর সিএনএন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পশ্চিম তীর ও গাজার প্রতিনিধি রিক পেপারকর্ন গতকাল জানান যে, যুদ্ধবিরতি ১ সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং তিন দিন করে তিন ধাপে হবে এই যুদ্ধবিরতি।

তিনি বলেন, এলাকাভিত্তিক মানবিক যুদ্ধবিরতির জন্য আমরা একটি প্রাথমিক প্রতিশ্রুতি পেয়েছি। এই বিরতি প্রথমে মধ্য গাজায় তিন দিন, তারপর দক্ষিণ গাজা এবং তারপর উত্তর গাজায় কার্যকর হবে।

একজন ইসরায়েলি কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন যে, গাজায় পোলিও টিকাদান ১ সেপ্টেম্বর শুরু হবে। টিকাদান প্রচারণার প্রতিটি ধাপে প্রায় সাত ঘণ্টা সময় লাগবে এবং যুদ্ধবিরতি চলাকালীন ওই সময়ের মধ্যে টিকা প্রবেশ করবে এবং বিতরণ করা হবে।

এর আগে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়েছিল—ফিলিস্তিনের অবরুদ্ধ, যুদ্ধবিধ্বস্ত অঞ্চল গাজায় পোলিও আক্রান্ত প্রথম শিশু শনাক্ত হয়েছে। মাত্র ১০ মাস বয়সী সেই শিশুর নাম আব্দেল রহমান আবু আল-জাদেইন। এই অবস্থায় অঞ্চলটিতে পোলিও টিকা দেওয়ার জন্য সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইসরায়েল।