গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে লেখা পদত্যাগপত্র সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন তিনি।

কেন্ট বলছেন, ইরানের বিরুদ্ধে চলমান এ যুদ্ধকে সমর্থন করতে পারছেন না তিনি। ইরান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কোনো হুমকিও সৃষ্টি করেনি। ইসরায়েলের চাপেই যুক্তরাষ্ট্র এ যুদ্ধে জড়িয়েছে।

জো কেন্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লেখা এক চিঠিতে বলেন, ‘আমার বিবেক ইরানে চলমান যুদ্ধকে সমর্থন করতে সাড়া দেয় না।’ ওই চিঠি এক্সে পোস্ট করা হয়েছে। কেন্ট আরো লিখেছেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য ইরান কোনো আসন্ন হুমকি তৈরি করেনি। এটি স্পষ্ট যে আমরা ইসরায়েল ও তাদের প্রভাবশালী আমেরিকান লবির চাপে এ যুদ্ধে লিপ্ত হয়েছি।’

এনসিটিসি পরিচালক হিসেবে গত বছরের জুলাইয়ে তাকে বেছে নেন প্রেসিডেন্ট ট্রাম্প। বছর না ঘুরতেই সেই দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন তিনি। একসময় ট্রাম্পের নির্বাচনী প্রচার ও পররাষ্ট্রনীতির সমর্থক ছিলেন কেন্ট। সেই কথা তুলে ধরে ট্রাম্পকে লেখা পদত্যাগপত্রে তিনি বলেন, ‘আমি ২০১৬, ২০২০ ও ২০২৪ সালের প্রচারণায় আপনার ঘোষিত মূল্যবোধ ও পররাষ্ট্রনীতিকে সমর্থন করি, যা আপনি আপনার প্রথম মেয়াদে কার্যকর করেছিলেন। ২০২৫ সালের জুন পর্যন্ত আপনি নিজেও বুঝেছিলেন যে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো একটি ফাঁদ, যা আমেরিকার দেশপ্রেমিকদের মূল্যবান প্রাণ কেড়ে নেয় এবং আমাদের জাতির সম্পদ ও সমৃদ্ধি শেষ করে দেয়।’

তার মতে, ‘আমি পরবর্তী প্রজন্মকে এমন একটি যুদ্ধে লড়াই করতে আর মরতে পাঠানোতে সমর্থন দিতে পারি না, যা আমেরিকার জনগণের কোনো উপকারে আসে না। অথবা প্রাণের বিনিময়েও যাকে ন্যায়সংগত বলা যায় না।’ রয়টার্স