ফ্রান্সের ক্যালাইস উপকূলের একটি চ্যানেলে
নৌকা ডুবে ৬ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ৫৯ জনকে। এখনো
পর্যন্ত নিখোঁজ রয়েছেন দুজন। খবর বিবিসি।
স্থানীয় সময় গতকাল শনিবার (১২ আগস্ট)
ভোরের দিকে নৌকাটি ডুবে যায়।
দুর্ঘটনায় নিহতদের ছয়জনই আফগান নাগরিক।
তাদের কারো বয়সই ত্রিশের বেশি নয়। উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে কয়েকটি শিশুও রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ফ্রান্স ও ব্রিটিশ
কোস্ট গার্ডের যৌথ চেষ্টায় উদ্ধার কাজ অব্যাহত রয়েছে।
সম্প্রতি ভূমধ্যসাগর ও ইংলিশ চ্যানেল
হয়ে অভিবাসনপ্রত্যাশীদের ইইউ প্রবেশের চেষ্টা আশংকাজনকভাবে বাড়ছে। এ নিয়ে একাধিক উদ্যোগ
নিয়েও সমাধান মিলছে না। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অভিবাসন সংশ্লিষ্ট দাতব্য
সংস্থাগুলো।










