ইরাকের পশ্চিমাঞ্চলে ইরাকি নিরাপত্তা বাহিনীর সঙ্গে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর এক যৌথ অভিযানে ১৫ জন আইএসআইএল (আইএস) যোদ্ধা নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ আগস্ট) যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) সংঘটিত এই যৌথ অভিযানে সাতজন মার্কিন সেনা আহত হয়েছেন। খবর আল জাজিরা।
যুক্তরাষ্ট্র এবং ইরাক যখন তাদের যৌথ নিরাপত্তা মিশন নিয়ে আলোচনা করছে তখন পরিচালিত হলো এ অভিযান। সামাজিক প্ল্যাটফর্ম এক্সে দেয়া পোস্টে সেন্টকম জানিয়েছে, আইএস যোদ্ধারা বিভিন্ন ধরনের অস্ত্র, গ্রেনেড এবং বিস্ফোরক আত্মঘাতী বেল্টে সজ্জিত ছিল।
যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তা সংবাদ সংস্থা এপিকে জানান, অভিযানে পাঁচজন মার্কিন সেনা আহত হয়েছেন, এবং আরো দুজন পড়ে গিয়ে আহত হয়েছেন। সবাই স্থিতিশীল অবস্থায় আছেন বলে জানান ওই কর্মকর্তা।
সেন্টকম বলেছে, আইএস নিয়ন্ত্রিত অঞ্চল আমাদের মিত্র এবং আমাদের দেশের জন্য এখনো একটি হুমকি। যুক্তরাষ্ট্র তাদের সহযোগী এবং ইরাকি অংশীদারদের সঙ্গে এই সন্ত্রাসীদের আক্রমণাত্মকভাবে মোকাবেলা করা অব্যাহত রাখবে।
ইরাকের সামরিক বাহিনী বলেছে, আইএসের আশ্রয়স্থলগুলো লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছিল। নিহতদের মধ্যে আইএসের গুরুত্বপূর্ণ নেতারা ছিল। তাদের সব আশ্রয়স্থল, অস্ত্র এবং সরবরাহের চেইন ধ্বংস করা হয়েছে, বিস্ফোরক বেল্টগুলো নিরাপদে নিষ্ক্রিয় করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথি, পরিচয়পত্র এবং যোগাযোগের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
এই অভিযানে কোনো বেসামরিকের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।










