মালয়েশিয়া যাওয়ার পথে নৌকা ডুবে নিহত হয়েছেন ২৩ রোহিঙ্গা। মিয়ানমার উপকূলের ওই ঘটনায় নিখোঁজ রয়েছে আরো ৩০ জন। এছাড়া আটজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১০ আগস্ট) মিয়ানমারের ত্রাণকর্মীরা এসব তথ্য নিশ্চিত করেছেন। খবর বিবিসি।

নৌকাডুবির ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিরা রাখাইনের রাজধানী সিত্তে থেকে পালাচ্ছিলেন। তারা কাছাকাছি সমুদ্রে বড় ঢেউয়ের আঘাতের কথা জানিয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারে নিপীড়নের শিকার হাজার হাজার রোহিঙ্গা প্রতি বছর মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় জন্য বিপজ্জনক সমুদ্র পথ পাড়ি দেয়ার চেষ্টা করে।

বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, ওই নৌকায় অর্ধ শতাধিক যাত্রী ছিল। গত ৬ আগস্ট থেকে নৌকাটি চালকবিহীন অবস্থায় ছিল।

উদ্ধারকারী দল বিবিসি বার্মিজকে জানিয়েছে, নিহতের মধ্যে ১৩ জন নারী ও ১০ পুরুষ। তারা সবাই রোহিঙ্গা মুসলিম।

মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ায় পৌঁছনোর চেষ্টা করে রোগ, ক্ষুধা ও ক্লান্তিতে অগণিত রোহিঙ্গা সমুদ্রে মারা যান।

আরো জানিয়েছেন, চোরাকারবারীরা জনপ্রতি প্রায় ৪ হাজার ডলার নিয়েছিল।