ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান উত্তেজনার মধ্যে তৃতীয় কোনো দেশ সরাসরি জড়ালে তা পুরো অঞ্চলে এবং তার বাইরেও ভয়াবহ সংঘাত ডেকে আনবে। এমন সতর্কবার্তা দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই কাশানী। আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতে যদি কোনো তৃতীয় পক্ষ সরাসরি যুক্ত হয়, তাহলে তা একটি সর্বাত্মক যুদ্ধের দিকে নিয়ে যাবে, যা পুরো অঞ্চলকে গ্রাস করবে এবং তার বাইরেও ছড়িয়ে পড়বে।’

তিনি বলেন, বর্তমানে ইরান শুধু ইসরায়েলি ভূখণ্ডকে লক্ষ্য করেই হামলা চালাচ্ছে। তেহরান বিশ্বাস করে, প্রতিবেশী কোনো দেশ যুক্তরাষ্ট্রকে তাদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে দেবে না।

যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা প্রসঙ্গে বাঘাই বলেন, কূটনীতি কখনোই শেষ হয় না। তবে তিনি জোর দিয়ে জানান, তেহরান এখন আর ওয়াশিংটনের ওপর বিশ্বাস করে না।

এসমাইল বাঘাই আরো জানান, ইরান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়াসহ বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রাখছে। তিনি বলেন, আমরা প্রত্যাশা করি, যারা জাতিসংঘের আওতায় কার্যকর ভূমিকা রাখতে পারে, তারা যেন এই হামলার নিন্দা জানিয়ে শান্তিপূর্ণ সমাধানে সাহায্য করে।