২০২৫-২৬ বিপণন বর্ষে (আগস্ট-জুলাই) তুলার বৈশ্বিক উৎপাদন, ব্যবহার ও মজুদ কিছুটা বাড়তে পারে। চলতি মাসে প্রকাশিত যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) বৈশ্বিক সরবরাহ ও চাহিদা প্রাক্কলন (ডব্লিউএএসডিই) প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে। খবর ফাইবার টু ফ্যাশন।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, ২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী তুলা উৎপাদন পৌঁছতে পারে ১১ কোটি ৮৪ লাখ ২০ হাজার বেলে (প্রতি বেলে ৪৮০ পাউন্ড)। এর আগে জুনে দেয়া এক পূর্বাভাসে তা ১১ কোটি ৬৯ লাখ ৯০ হাজার বেলে দাঁড়াতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল। চীনে তুলার উৎপাদন বাড়ার সম্ভাবনা দেখা দেয়ায় এ পূর্বাভাস সংশোধন করা হয়েছে বলে জানিয়েছে ইউএসডিএ। দেশটিতে তুলার উৎপাদন বাড়তে পারে ১০ লাখ বেল। এছাড়া যুক্তরাষ্ট্র ও মেক্সিকোয় উৎপাদন বাড়ার পূর্বাভাস দেয়া হয়েছে। তবে পাকিস্তান ও মিসরে তুলা উৎপাদন কমতে পারে।
২০২৫-২৬ বিপণন বর্ষে বিশ্বব্যাপী তুলার ব্যবহার ১১ কোটি ৮১ লাখ ২০ হাজার বেলে দাঁড়াতে পারে বলে ইউএসডিএর সংশোধিত পূর্বাভাসে জানানো হয়েছে। পাকিস্তান ও মেক্সিকোয় পণ্যটির ব্যবহার বাড়লেও ইতালি ও জার্মানিতে কমতে পারে।
তবে সংশোধিত পূর্বাভাসে আমদানি, রফতানি ও প্রারম্ভিক মজুদ সংক্রান্ত প্রক্ষেপণ কমানো হয়েছে। ইউএসডিএর হিসাবে, ২০২৫-২৬ বিপণন বর্ষে বৈশ্বিক তুলা রফতানি ১ লাখ বেল কমে ৪ কোটি ৪৬ লাখ ৯০ হাজার বেল হতে পারে। প্রারম্ভিক মজুদ কমে দাঁড়াতে পারে ৭ কোটি ৬৭ লাখ ৮০ হাজার বেলে। যুক্তরাষ্ট্র ও চীনে মজুদ কমার কারণে বৈশ্বিক প্রারম্ভিক মজুদ কমবে বলে জানিয়েছে মার্কিন কৃষি বিভাগ।
তবে তুলা উৎপাদন বেড়ে যাওয়ায় চাহিদা ও প্রারম্ভিক মজুদ কমলেও ২০২৫-২৬ বিপণন বর্ষে সমাপনী মজুদ বেড়ে দাঁড়াতে পারে ৭ কোটি ৭৩ লাখ ২০ হাজার বেলে।
পূর্বাভাসে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে এবার তুলা চাষের জমি ১ কোটি ১২ লাখ একরে পৌঁছতে পারে, যা আগের পূর্বাভাসের চেয়ে বেশি। চাষকৃত জমির পরিমাণ ৬ শতাংশ বেড়ে দাঁড়াতে পারে ৮৬ লাখ ৬০ হাজার একরে। যদিও গড় ফলন ১ শতাংশ কমে পৌঁছতে পারে প্রতি একরে ৮০৯ পাউন্ড। কারণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে খরায় আক্রান্ত এলাকায় ফলন তুলনামূলকভাবে কম হতে পারে।
ফলে যুক্তরাষ্ট্রে ২০২৫-২৬ বিপণন বর্ষে তুলা উৎপাদনের পূর্বাভাস ছয় লাখ বেল বাড়িয়ে ১ কোটি ৪৬ লাখ বেল নির্ধারণ করা হয়েছে, যা আগের বছরের তুলনায় বেশি। এ সময় দেশটির প্রারম্ভিক মজুদ কমে ৩০ লাখ বেল হতে পারে। তবে সমাপনী মজুদ বেড়ে ৪৬ লাখ বেলে দাঁড়াতে পারে। তুলার গড় বাজারদর প্রতি পাউন্ডে ৬২ সেন্টেই অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে ইউএসডিএ।










