বালির বস্তা প্রস্তুত করা হচ্ছে অস্ট্রিয়ায়, জলাধার খালি করা হয়েছে চেক প্রজাতন্ত্রে। আর পোল্যান্ডে আশঙ্কা করা হচ্ছে আকস্মিক বন্যার, কারণ সেখানে ‘বিপর্যয়কর’ বৃষ্টিপাতের আভাস রয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়া মধ্য ইউরোপে বিপর্যয় ঠেকাতে এখন নানা প্রস্তুতি চলছে। 

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে গত কয়েক বছরের মধ্যে ভয়াবহ বন্যার কবলে পড়ার শঙ্কায় মধ্য ইউরোপ। আবহাওয়া সংস্থাগুলো ভারি বৃষ্টিপাতের কারণে কয়েকদিনের মধ্যে সম্ভাব্য বিপর্যয়কর পরিস্থিতির সতর্কতা দিয়েছে। পরিস্থিতি মোকাবেলায় চলছে প্রস্তুতি। খবর বিবিসি।

পোল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় চারটি প্রদেশে ১৫ সেন্টিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছে। রোক্লো শহরে বন্যার ঝুঁকি সম্পর্কিত ব্রিফিংয়ে অংশ নেয়ার পর দেশটির প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, ‘আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

অস্ট্রিয়ায় ভারি বৃষ্টিপাত ও পাহাড়ে তুষারপাতের কারণে এরই মধ্যে ভ্রমণ ব্যবস্থা বাধাগ্রস্ত হচ্ছে। দেশটির চ্যান্সেলর কার্ল নেহামার বলেছেন, সেনাবাহিনী এক হাজার পর্যন্ত সেনাসদস্য মোতায়েন করতে প্রস্তুত।

এক্ষেত্রে চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগ খুব সতর্কতা অবলম্বন করছে। কারণ ২০ বছর আগের ভয়াবহ বন্যায় অনেক ক্ষতি হয়েছিল। পুনরাবৃত্তি এড়াতে বাড়তি সতর্কতা অবলম্বন করছে দেশটি।

শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টার কিছু আগে কথিত ‘ডেভিলস ক্যানেল বা সার্তোভকা’-এর ভারী ইস্পাতের গেট বন্ধ করে দেয়া হয়। ভ্লাটাভা নদীর সঙ্গে পুনরায় মিলিত হওয়া খালটি প্রাগের ঐতিহাসিক মালা স্ট্রানা জেলার মধ্য দিয়ে বয়ে গেছে। ১৯৯৭ ও ২০০২ সালের মতো বিপর্যয়কর পরিস্থিতি ঠেকাতে নির্মিত সার্তোভকা গেটটির পেছনে ব্যয় হয়েছে ১ বিলিয়ন ইউরোর বেশি।

জেসেনিকি পর্বতমালায় আগামী তিনদিনে প্রায় ৪০০ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এ পানি ওড্রা নদী ও পোল্যান্ডের দিকে প্রবাহিত হয়ে পথে বেশ কয়েকটি শহর ও গ্রাম অতিক্রম করবে।

দক্ষিণ-পশ্চিম পোল্যান্ডের জরুরি বিভাগের ব্রিফিংয়ে অংশ নেয়ার পর ডোনাল্ড টাস্ক জানান, যেসব পূর্বাভাস দেয়া হচ্ছে সেগুলো খুব বেশি উদ্বেগজনক নয়। দেশের জন্য বিপর্যয়ের কারণ হতে পারে এমন কোনো ইঙ্গিতও নেই। তিনি বলেন, ‘পোল্যান্ডের আঞ্চলিক সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। দক্ষিণের চারটি প্রদেশের একটি মালোপোলস্কায় প্রায় ২০ লাখ এবং রোক্লোর আশপাশের প্রদেশ লোয়ার সাইলেসিয়া অঞ্চলে আরো ১০ লাখ বালির বস্তা প্রস্তুত রাখা হয়েছে।’

পোল্যান্ডের আবহাওয়া ও পানি ব্যবস্থাপনা সংস্থা পরে চারটি দক্ষিণাঞ্চলীয় প্রদেশ থেকে শুরু করে শচেসিনে ওড্রা নদীর মুখ পর্যন্ত সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। জিওস্ফিয়ার অস্ট্রিয়া ফেডারেল ইনস্টিটিউট জানিয়েছে, আগস্টে অস্ট্রিয়া সবচেয়ে উষ্ণতম সময় পার করেছে। কিন্তু এখন কয়েক দিনের মধ্যে অনেক অঞ্চলে ১০ থেকে ২০ সেন্টিমিটার বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হচ্ছে। কিছু জায়গায় ২০ সেন্টিমিটারেরও বেশি বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে উচ্চ ও নিম্ন অস্ট্রিয়ার পর্বতমালা এবং উত্তরের আপার স্টাইরিয়ায়। অস্ট্রিয়ার ঝড় সতর্কীকরণ কেন্দ্র ইউডব্লিউজেড বলছে, কিছু কিছু এলাকায় সেপ্টেম্বরের আগের রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। 

জরুরি না হলে যাত্রীদের যাত্রা স্থগিত করার পরামর্শ দিয়েছে রেলওয়ে নেটওয়ার্ক ওইবিবি। ভারি তুষারপাতের কারণে সালজবুর্গ প্রদেশের ব্যাড হফগাস্টেইন ও ব্যাকস্টেইনের মধ্যকার টাউর্ন রেলপথের কিছু অংশ বন্ধ হয়ে গেছে।