কাঠমান্ডুতে এখন কার্যত কোনো শাসক নেই—সরকার পতনের পর রাজধানী যেন এক ধরনের প্রশাসনিক শূন্যতার মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে বিক্ষোভকারীদের সেনাপ্রধানের সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি নিতে আহ্বান জানিয়েছেন শহরের মেয়র বালেন্দ্র শাহ। তিনি ফেসবুকে পোস্ট করে সহিংসতা বন্ধ ও জনসম্পদ রক্ষার অনুরোধ জানান, একই সঙ্গে প্রজন্মের হাতে দেশের নেতৃত্ব দেয়ার সময় এসেছে বলে উল্লেখ করেন। খবর আল জাজিরা।

কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন, সরকারের পদত্যাগের পর যেন সহিংসতা বন্ধ হয়। ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আপনাদের হত্যাকারী পদত্যাগ করেছে। এখন দেশের সম্পদের ক্ষতি মানে আমাদের সবার ক্ষতি—তাই জনসম্পদ ধ্বংস করবেন না।’

তিনি আরো বলেন, ‘এখন প্রজন্মের দায়িত্ব দেশকে নেতৃত্ব দেয়া এবং সে জন্য প্রস্তুত থাকতে হবে।’ পাশাপাশি সেনাপ্রধানের সঙ্গে আলোচনার জন্যও প্রস্তুত থাকার আহ্বান জানান মেয়র শাহ।

এদিকে কাঠমান্ডুর সাংবাদিক রাম্যতা লিম্বু আল জাজিরাকে বলেছেন, পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যা অনেককেই বিস্মিত ও হতবাক করেছে। তিনি জানান, সংসদ ভবনে আগুনের ধোঁয়া উঠতে দেখা গেছে, যা উদ্বেগজনক। তার ভাষায়, ‘এখন যেন কেউই দায়িত্বে নেই, এক ধরনের বিশৃঙ্খলা চলছে।’

লিম্বু জানান, কিছুক্ষণ আগে সেনাবাহিনী, সিভিল পুলিশ, সশস্ত্র পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ নিরাপত্তা সংস্থার ছয় শীর্ষ কর্মকর্তা যৌথ বিবৃতি দিয়েছেন, যা পরিস্থিতি শান্ত করতে সহায়ক হতে পারে।