পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান
তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খানকে দেশটির দুর্নীতি দমন সংস্থা ন্যাশনাল
অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) হেফাজতে ৪-৫ দিন থাকতে হতে পারে। ব্যুরো নিজস্ব
আইনের অধীনে অনুমোদিত সর্বোচ্চ রিমান্ডের জন্য আদালতকে অনুরোধ করবে। খবর ডন।
আজ বুধবার (১০ মে) ইমরান খানকে আদালতে
তোলার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তাকে কমপক্ষে ৪-৫ দিনের জন্য হেফাজতে রাখার
জন্য যথাসাধ্য চেষ্টা করবে এনএবি।
ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি অর্ডিন্যান্স,
১৯৯৯-এর নতুন সংশোধনীর অধীনে, যেকোনো আদালত কর্তৃক প্রদত্ত শারীরিক রিমান্ডের সময়কাল
৯০ দিন থেকে কমিয়ে ১৪ দিন করা হয়েছে।
সূত্রটি বলছে, আমরা আদালতে সর্বোচ্চ ১৪
দিনের শারীরিক রিমান্ড চাইব। সেখান থেকে কমপক্ষে ৪-৫ দিন মঞ্জুর করবে বলে আশা করা হচ্ছে।
পিটিআই প্রধানের অবস্থা সম্পর্কে সূত্রটি
জানায়, তাকে এনএবির রাওয়ালপিন্ডি বা ইসলামাবাদ আঞ্চলিক সদর দফতরে ‘আরামদায়ক পরিবেশে’ রাখা হয়েছে।
তার সঙ্গে ‘কঠোর আচরণ’ করা হবে না। শুধু মামলার অভিযোগের বিষয়ে
জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে ইমরান খানকে গ্রেফতার করার পর পাকিস্তানের
বেশ কয়েকটি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। লাহোর ও করাচিতে পুলিশ সমর্থকদের লক্ষ্য করে
জল কামান ও কাঁদানে গ্যাস ছুড়েছে। বিক্ষোভ হচ্ছে পেশাওয়ারেও।
বিবিসি জানায়, গতকাল থেকে ইসলামাবাদের
রাস্তায় শতশত বিক্ষোভকারী রাজধানী থেকে বেরোনো ও প্রবেশের প্রধান মহাসড়কটি অবরোধ করে
রেখেছে। পিটিআই সমর্থকদের ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামান ছুঁড়েছে।
মানুষ রাস্তার সাইন উপড়ে ফেলেছে এবং রাস্তার
ওপর দিয়ে চলাচলের ব্রিজ ভেঙে ফেলেছে, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেছে এবং পাথর ছুঁড়েছে।
এছাড়া ইমরান খানের সমর্থকরা বেশ কিছু শহরে
সুরক্ষিত সেনা ছাউনির বাইরে বিক্ষোভ প্রদর্শন করছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল ইসলামাবাদের পুলিশ সামাজিক মাধ্যমে
জানিয়েছে পাঁচজন পুলিশ অফিসার আহত হয়েছে এবং ৪৩ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।
টুইটারে পোস্ট করা লাহোরে বিক্ষোভের ফুটেজ
থেকে দেখা যাচ্ছে, সামরিক বাহিনীর কমান্ডারের বাসভবন জনতা ঢুকে পড়েছে এবং আসবাবপত্র
ও বাসার ভেতরের জিনিসপত্র ভাঙচুর করেছে।
প্রধান বন্দর শহর করাচিতে বিক্ষোভকারীরা
প্রধান সড়ক অবেরাধ করে রেখেছে। দক্ষিণ পশ্চিমের কোয়েটা শহরে মি সংঘর্ষে ছয়জন পুলিশ
কর্মকর্তা সহ অন্তত ১০ জন আহত হয়েছে।
গতকাল ইসলামাবাদ হাইকোর্ট চত্বর থেকে ইমরান
খানকে গ্রেফতার করা হয়। এদিন দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী আদালতে
হাজিরা দেন। তিনি বলছেন তার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
গত বছর এপ্রিল মাসে ইমরানের খানকে পাকিস্তানের
জাতীয় পরিষদে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ থেকে বরাখাস্ত করা হয়। সেসময়
থেকে তিনি আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রচারণা চালাচ্ছেন। এর আগে তাকে হত্যাচেষ্টার
অভিযোগও আনা হয়।










