অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ করে প্রস্তাব পাস করেছে। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) অস্ট্রেলিয়ার পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে প্রস্তাবটি পাস হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে ৩৪টি, বিপক্ষে পড়েছে ১৯টি। খবর বিবিসির।
সংবাদমাধ্যমটি বলছে, অস্ট্রেলিয়ার সিনেটে পাস হওয়া প্রস্তাবটি এখন দেশটির পার্লামেন্টের নিম্ন-কক্ষ প্রতিনিধি পরিষদে পাঠানো হবে। প্রস্তাবটি আইনে পরিণত হওয়ার আগে সেখানে প্রয়োজনীয় সংশোধন করা হবে। সেখানে বর্তমান সরকারের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে। তাই ধারণা করা যায় প্রস্তাবটির সেখানে পাস হওয়াটা নিশ্চিত।
প্রস্তাবটি পাস হওয়ার পর আগামী বছরের জানুয়ারি মাস থেকে পরীক্ষামূলকভাবে চালু করা হবে। পরীক্ষামূলকভাবে চালুর ১ বছরের মধ্যে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। প্রস্তাবটির নাম ‘দ্যা সোশ্যাল মিডিয়া মিনিমাম এজ’।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, ‘ক্ষতিকর সামাজিক মাধ্যম থেকে শিশুদের রক্ষায় এই আইন প্রয়োজন। তার এই মতকে দেশটির অনেক বাবা-মা ই সমর্থন করেন।
এ আইনের ফলে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম ও ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা থেকে শুরু করে টিকটক অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের নিজেদের প্ল্যাটফর্ম ব্যবহার বন্ধে পদক্ষেপ নিতে বাধ্য হবে। অন্যথায় প্রযুক্তি কোম্পানিগুলোকে ৩ কোটি ২০ লাখ ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে।










