মস্কোয় আবারো ড্রোন হামলা চালানো হয়েছে।
এতে শহরজুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। আজ শুক্রবার (১৮ আগস্ট) ভোরের এ হামলায় একটি
ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রুশ কর্মকর্তারা। তাদের দাবি, ইউক্রেন এ হামলা
চালিয়েছে। খবর বিবিসি ও আল জাজিরা।
অঞ্চলটির মেয়র সের্গেই সোবিয়ানিন বলেন,
ড্রোনটিকে গুলি করে প্রতিহত করা হয়েছে। তবে শহরের এক্সপো সেন্টারে ধ্বংসস্তূপ পড়েছে।
রাশিয়ার রাজধানীতে এই ধরনের হামলার
সিরিজের মধ্যে এটি সর্বশেষ ঘটনা।
এক্সপো সেন্টারটি বড় ধরনের প্রদর্শনীর
জন্য ব্যবহৃত হয়। স্থাপনাটির অবস্থান ক্রেমলিন থেকে পাঁচ কিলোমিটার দূরে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত ফুটেজে
দেখা যাচ্ছে, মস্কোর রাতে আকাশে ঘন ধূসর ধোঁয়া উঠছে।
ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি বলেও
উল্লেখ করেছে সংবাদমাধ্যমগুলো। ইউক্রেনের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া
যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে
বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ভোর ৪টার দিকে এ হামলা চালানো হয়। প্রতিক্রিয়ায় আকাশ
প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করার পর ড্রোনটি গতিপথ পরিবর্তন করে ও ক্রাসনোপ্রেস্নেনস্কায়া
বাঁধের একটি অনাবাসিক ভবনের ওপর পড়ে। মস্কোর এই এলাকায় অনেকগুলো সরকারি ভবন রয়েছে।
ধ্বংসাবশেষ থেকে কোনো ধরনের আগুন লাগেনি বা কেউ আহত হয়নি।
আরো জানানো হয়, জরুরি পরিষেবাগুলি ঘটনাস্থলে
রয়েছে। ড্রোনটি এক্সপো সেন্টারের উল্লেখযোগ্য কোনো ক্ষতি করেনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মস্কো ও তার
আশপাশের অঞ্চলে ঘন ঘন ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে। যার মধ্যে মস্কোর অর্থনৈতিকভাবে
গুরুত্বপূর্ণ কেন্দ্র ক্রাসনোপ্রেস্নেনস্কায়ায় দুটি ড্রোন হামলা প্রতিহত করা হয়। মে
মাসে ক্রেমলিনের কাছে আরেকটি ড্রোন ধ্বংস করা হয়েছিল।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
গত মাসে সতর্ক করে বলেছিলেন, রাশিয়ায় প্রতিনিধিত্ব করে এমন কেন্দ্র ও সামরিক ঘাঁটিকে
লক্ষ্য করে হামলা চালানো হবে।










