সদ্য প্রয়াত ফ্যাশন ডিজাইনার জর্জিও আরমানির নিজ হাতে করা শেষ ডিজাইন উন্মোচন করেছে এ কিংবদন্তির নামে প্রতিষ্ঠিত ইতালির ফ্যাশন হাউজ। গত রোববার মিলানের ব্রেরা আর্ট মিউজিয়ামে আয়োজিত ফ্যাশন শোয়ে প্রদর্শিত হয় ৯১ বছর বয়সে জর্জিও আরমানির করা শেষ ডিজাইনগুলো। খবর রয়টার্স।
আয়োজনটি ফ্যাশন হাউজের ৫০তম বার্ষিকী উদযাপনের জন্য পরিকল্পিত হলেও তা শেষ পর্যন্ত জর্জিও আরমানির প্রতি শ্রদ্ধানুষ্ঠানে পরিণত হয়। এতে উপস্থিত ছিলেন অভিনেতা রিচার্ড গেরে, কেট ব্লানচেটসহ আরো অনেক তারকা। জর্জিও আরমানির ফ্যাশনশৈলীর প্রতি শ্রদ্ধা জানান তারা।
ফ্যাশন শোয়ে মডেলরা হালকা ও মসৃণ পোশাকে হাঁটেন। সঙ্গে বাজতে থাকে ইতালির সংগীতশিল্পী লুদোভিকো আইনাউদির পিয়ানোর সুর। জর্জিও আরমানির করা শেষ নকশায় ব্যবহার করা হয়েছে ধূসর, গভীর নীল ও গাঢ় সবুজ রঙের প্যালেট। ডিজাইনারের প্রিয় দুটি স্থান স্মরণ করে এ কালেকশনের নাম রাখা হয়েছে ‘প্যান্টেলেরিয়া, মিলান’। এক বিবৃতিতে ব্র্যান্ড কর্তৃপক্ষ জানিয়েছে, ‘এ ডিজাইনগুলো আরমানি নিজে শেষ করেছিলেন। এটি তার স্টাইলের সাক্ষ্য ও একটি যুগের সমাপ্তি, এর মাধ্যমে নতুন ধারার সূচনা হতে যাচ্ছে।’
জর্জিও আরমানির প্রিয় মডেল আঞ্জেসি জোগলারের একক ক্যাটওয়াকের মধ্য দিয়ে শো শেষ হয়। একটি নীল গাউন পরে হাজির হয়েছিলেন তিনি। প্রদর্শনীর শেষে আরমানির ভাগ্নি সিলভানা ও তার জীবনসঙ্গী লেও ডেল’ওর্কো দর্শককে অভিবাদন জানান।
প্রদর্শনীতে উপস্থিত চলচ্চিত্র পরিচালক স্পাইক লি বলেন, ‘আমি সম্মানিত বোধ করছি যে জর্জিও আরমানিকে স্মরণ করতে আমাকে মিলানে আমন্ত্রণ জানানো হয়েছে।’
অভিনেত্রী কেট ব্লানচেট বলেন, ‘তিনি শুধু একজন অসাধারণ ডিজাইনারই ছিলেন না, মানবিক ও দাতব্য কর্মকাণ্ডেও ছিলেন অনন্য।’
জর্জিও আরমানির শেষ সংগ্রহ প্রদর্শনের মাধ্যমে মিলান ফ্যাশন উইকের সমাপ্তি ঘটে।










