জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর জোলিঙেনে গতকাল শুক্রবার (২৩ আগস্ট) রাতে এক উৎসবে ছুরিকাঘাতের ঘটনায় তিনজন নিহত এবং চারজন গুরুতর আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। খবর রয়টার্স।

নেদারল্যান্ডসের সীমানায় অবস্থিত জোলিঙেন জার্মানির সর্বাধিক জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফেলিয়াতে অবস্থিত। হামলা সম্পর্কে পুলিশ জানায়, স্থানীয় সময় রাত প্রায় ১০টা নাগাদ এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি উৎসবে আগত একাধিক লোকের ওপর আক্রমণ চালায়। হামলাকারী এখনো পলাতক।

জোলিঙেনের মেয়র টিম-অলিভার কুর্জবাখ এক বিবৃতিতে বলেন, আমাদের শহরে এই হামলার ঘটনা আমাকে মর্মাহত করেছে। যাদের আমরা হারিয়েছি তাদের জন্য কষ্ট পাচ্ছি। যারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছে তাদের জন্য প্রার্থনা করছি।

জার্মানিতে এমন প্রাণঘাতী ছুরিকাঘাত এবং গুলি বর্ষণের ঘটনা তুলনামূলকভাবে বিরল। পুলিশ জানিয়েছে, শহরের ৬৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক উৎসবে এই হামলা ঘটে।

রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হারবার্ট রয়েল ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, এটি মানবজীবনের ওপর একটি উদ্দেশ্যপ্রণোদিত হামলা। তবে তিনি এঈ হামলার উদ্দেশ্য সম্পর্কে কোনো অনুমান করেননি।

এর আগে গত জুনে ডানপন্থীদের বিক্ষোভে হামলার সময় ম্যানহেইম শহরে ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হন। এ ছাড়া ২০২১ সালে একটি ট্রেনে ছুরিকাঘাতের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছিলেন।