কয়েক হাজার বছর পর হঠাৎ জেগে উঠেছে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত 'হাইলি গুব্বি' নামক একটি আগ্নেয়গিরি। রোববার থেকে শুরু হয়েছে এ অগ্ন্যুৎপাত। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের 'গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম' থেকে পাওয়া তথ্য বলছে, গত ১২ হাজার বছরে হাইলি গুব্বি আগ্নেয়গিরি থেকে এটিই প্রথম অগ্ন্যুৎপাতের ঘটনা। খবর বিবিসি বাংলা।
ইথিওপিয়ার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অগ্নুৎপাতের ফলে ছাইয়ের আস্তরণে ঢেকে গেছে আশপাশের গ্রামগুলো। স্যাটেলাইট চিত্রেও একই ছবি দেখা গেছে। এতে লোহিত সাগরের ওপর ছাইয়ের মেঘ ভাসতে দেখা গেছে।
এ অগ্নুৎপাতের তৈরি হওয়া এ ঘন ছাইয়ের মেঘ ভারতের আকাশপথে প্রবেশ করেছে। গুজরাট, দিল্লি ও সংলগ্ন অঞ্চল, রাজস্থান এবং পাঞ্জাবে এর প্রভাব পড়তে পারে বলে সোমবার আগাম সতর্কতা জারি করা হয়।
ডাইরেক্টট জেনারল অব সিভিল অ্যাভিয়েশন বিমান সংস্থাগুলির উদ্দেশ্যে সতর্কবার্তা জারি করে। সম্ভাব্য প্রভাবিত অঞ্চলকে এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়।
সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে এয়ার ইন্ডিয়াসহ বেশ কয়েকটি বিমান সংস্থা একাধিক ফ্লাইট বাতিল করেছে।
স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এক কর্মকর্তাকে উদ্ধৃত করে বলা হয়েছে, এ ঘটনায় এখনো পর্যন্ত কেউ হতাহত না হলেও স্থানীয় বাসিন্দাদের জন্য সতর্কতা বার্তা জারি করা হয়েছে। তাদের জানানো হয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে তৈরি ছাই স্থানীয় পশুপালকদের জীবিকাকে প্রভাবিত করতে পারে।
'তুলুজ ভল্ক্যানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার' থেকে জানানো হয়েছে, ছাইয়ের এ ঘন মেঘ ইয়েমেন, ওমান, ভারত এবং উত্তর পাকিস্তান পর্যন্ত পৌঁছেছে। তবে এর ফলে হতাহত বা বাস্তুচ্যুতের সংখ্যা সম্পর্কে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি।










