ভেনেজুয়েলা উপকূলের কাছে মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান শনাক্তের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে দেশটির সরকার। তাদের অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র তাদের ওপর সামরিক হয়রানি চালাচ্ছে এবং 'জাতীয় নিরাপত্তা'কে হুমকির মুখে ফেলছে। খবর আল জাজিরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী জেনারেল ভ্লাদিমির পাদ্রিনো জানান, অন্তত পাঁচটি এফ-৩৫ যুদ্ধবিমান ক্যারিবীয় সাগরে ভেনেজুয়েলার সীমান্তের কাছাকাছি উড়তে দেখা গেছে।
আল জাজিরার প্রতিবেদন বলছে, ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও কারাকাসের মাইকেতিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল সিস্টেম মার্কিন যুদ্ধবিমানগুলোর উপস্থিতি শনাক্ত করেছে।
পাদ্রিনো বলেন, আমরা তাদের নজরে রেখেছি। ভেনেজুয়েলার মানুষকে ভয় দেখানো যাবে না। আমাদের জনগণ শান্তি, কাজ ও সুখ চায়—কিন্তু যুক্তরাষ্ট্র সামরিক উসকানি দিয়ে যাচ্ছে।
এদিকে এক যৌথ বিবৃতিতে দেশটির পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন বিমানগুলো উপকূল থেকে ৭৫ কিলোমিটার দূরে শনাক্ত হয়। এটি ভেনেজুয়েলার আকাশসীমা লঙ্ঘন না হলেও তাদের অভিযোগ, যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক আইন ভঙ্গ করছে এবং বেসামরিক বিমান চলাচলকে ঝুঁকির মুখে ফেলছে।
বিবৃতিতে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীকে উদ্দেশ্য করে বলা হয়, ক্যারিবীয় অঞ্চলের শান্তি নষ্ট করে এমন দুঃসাহসী ও যুদ্ধবাজ আচরণ অবিলম্বে বন্ধ করুন।










