পাকিস্তানের আফগান সীমান্তবর্তী একটি তল্লাশিচৌকিতে হামলায় ১৬ সেনাসদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হন আরো পাঁচজন। গতকাল শুক্রবার রাতে আকস্মিক এ হামলার ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে একজন জ্যেষ্ঠ গোয়েন্দা কর্মকর্তার বরাতে এএফপি জানায়, খাইবার পাখতুনখাওয়া প্রদেশের মাকিন এলাকার একটি সেনা তল্লাশিচৌকিতে ওই হামলায় ৩০ জনের বেশি অংশ নেন। তিনি আরো বলেন, ‘‌হামলায় ১৬ পাকিস্তানি সেনা নিহত ও পাঁচজন গুরুতর আহত হয়েছেন।’

আফগান সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে ২ ঘণ্টাব্যাপী এ হামলা চালানো হয়। গোয়েন্দা কর্মকর্তা বলেন, ‘‌হামলাকারীরা চেকপয়েন্টে থাকা ওয়্যারলেস যোগাযোগের সরঞ্জাম, নথিপত্র ও অন্য জিনিসপত্রে আগুন ধরিয়ে দেয়।’ নাম প্রকাশে অনিচ্ছুক আরেক গোয়েন্দা কর্মকর্তাও নিহত ও আহতের সংখ্যা নিশ্চিত করেছেন। এদিকে ‘‌পাকিস্তানি তালেবান’ হামলার দায় স্বীকার করে এক বিবৃতিতে জানিয়েছে, তাদের সিনিয়র কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে এ হামলা করা হয়েছে।

২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকে পাকিস্তান পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলে বিদ্রোহী সহিংসতার পুনরুত্থানের বিরুদ্ধে লড়াই করছে। গত বছর সহিংসতায় মৃতের সংখ্যা ছয় বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছিল। ইসলামাবাদভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের তথ্যানুযায়ী, ২০২৩ সালে দেড় হাজারের বেশি বেসামরিক, নিরাপত্তাকর্মী ও বিদ্রোহী নিহত হয়। গোয়েন্দা কর্মকর্তার মতে, শনিবারের হামলা ছিল ‘এ অঞ্চলে চলতি বছরে সবচেয়ে বিপজ্জনক হামলা’।

আফগান শাসকরা সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা চালানো বিদ্রোহীদের দমন করতে ব্যর্থ হয়েছে বলে ইসলামাবাদ অভিযোগ করেছে। পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) আফগান তাৎেলবানদের মতোই। আফগানিস্তানের নতুন শাসকরা বিদেশী বিদ্রোহী গোষ্ঠীগুলোকে আফগান ভূমি থেকে উৎখাত করার প্রতিশ্রুতি দিয়েছে। তবে জুলাইয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে অনুমান করা হয়েছিল, সেখানে সাড়ে ছয় হাজার পর্যন্ত টিটিপি যোদ্ধা অবস্থান করছে।