করোনা ভাইরাসের কারণে জারি করা বিশ্বব্যাপী স্বাস্থ্য জরুরি
অবস্থা আর থাকছে না বলে ঘোষণা দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য
সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাডহ্যানম গেব্রেয়াসুস বলেছেন, কভিড-১৯ কে বিশ্বব্যাপী
স্বাস্থ্য জরুরি অবস্থা নয় বলে ঘোষণা করেছি। তার মানে এই নয় যে, করোনা বিশ্বব্যাপী
আর স্বাস্থ্যঝুঁকি থাকছে না।
ডব্লিউএইচও প্রধানের বরাতে সিএনএনের প্রতিবেদনে
বলা হয়, গতকাল জরুরি কমিটি ১৫তম বারের মতো বৈঠক করেছে। তারা বৈশ্বিক স্বাস্থ্য জরুরি
অবস্থার অবসান ঘটানোর ঘোষণা দেয়ার সুপারিশ করেছে। আমি তাদের পরামর্শ গ্রহণ করেছি।
প্রসঙ্গত, এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল, করোনাভাইরাস হয়তো সবসময়ই থেকে যাবে। তবে তা থাকবে শ্বাসযন্ত্রের সাধারণ রোগ হিসেবে। অন্যান্য শ্বাসতন্ত্রের রোগের যেভাবে চিকিৎসা করা হয়, করোনারও তাই করা হবে।
২০২০ সালের জানুয়ারিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
করোনার কারণে সবশেষ জরুরি অব্স্থা ঘোষণা করে। এর আগেও পাঁচবার তারা জনস্বাস্থ্য নিয়ে
বৈশ্বিক জরুরি অবস্থা ঘোষণা করেছে। কোনো রোগ দ্রুত এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে
পড়ার কারণে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়লে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। এর আগে সোয়াইন
ফ্লু নিয়ে ২০০৯ সালে, পোলিও নিয়ে ২০১৪ সালে, জিকা ভাইরাস নিয়ে ২০১৬ সালে এবং ইবোলা
ভাইরাস নিয়ে ২০১৪ ও ২০১৯ সালে জরুরি অবস্থা ঘোষণা করে সংস্থাটি।










