স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাজ্যের উত্তর ও দক্ষিণবঙ্গের ১৬ জেলার ১৫২টি আসনে এ ভোটগ্রহণ শুরু হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, প্রথম দফার নির্বাচনে ৯১ দশমিক ৭৮ শতাংশ ভোট পড়েছে, যা ভারতের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বোচ্চ ভোটদানের হার।
প্রথম দফার ভোটগ্রহণের পর দুই বড় দল তৃণমূল কংগ্রেস ও বিজেপি উভয়ই জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছে।
গতকাল ভোট শেষে রাতে পশ্চিমবঙ্গের দৈনিক আনন্দবাজার পত্রিকা বলেছে, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূলের দাবি, তারা সরকার গড়ার কাছাকাছি সংখ্যায় এরই মধ্যে পৌঁছে গেছে। এনডিটিভি বলছে, পশ্চিমবঙ্গে অবস্থানরত বিজেপির শীর্ষ নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, ‘এবার আমরা নিশ্চিতভাবেই জিতব। যেসব আসনে জেতা কঠিন বলে মনে করা হয়, আমরা সেই আসনগুলোতেও লড়াই করব।’
বিধানসভার মোট ২৯৪ আসনের মধ্যে ১৫২টিতে ভোটগ্রহণ হয়। ২৯ এপ্রিল দ্বিতীয় দফায় ১৪২টি আসনে নির্বাচন হবে। এতে কে জয়ী হচ্ছে, তা জানতে অপেক্ষা করতে হবে ৪ মে পর্যন্ত। সরকার গঠনের জন্য যেকোনো দলের অন্তত ১৪৮ আসনে জিততেই হবে।










