ইয়েমেনে ভয়াবহ বন্যায় গত মাসে কমপক্ষে ৯৭ জন নিহত হয়েছেন। তার সঙ্গে যুদ্ধের কারণে দেশটিতে ইতোমধ্যে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হওয়ায় খাদ্য সংকট আরো গভীর হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ইউএনএইচসিআর)। খবর সিএনএন।
গতকাল শুক্রবার (৩০ আগস্ট) ইউএনএইচসিআর তার সর্বশেষ তথ্যে জানিয়েছে, এই বন্যায় দেশটির অন্তত ৫৬ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মধ্য জুলাই থেকে মৌসুমি বৃষ্টি শুরু হওয়ার পর থেকে ৩৩ হাজারেরও বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
এই পর্যায়ের বন্যা ক্ষতিগ্রস্তদের অবস্থা আরো খারাপ করে তুলেছে। বর্তমানে ইয়েমেনের ৪৫ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। তাদের জরুরি মানবিক সহায়তার প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে ইউএনএইচসিআর।
দেশটির পশ্চিমাঞ্চলে ক্ষমতাসীন হুতি বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদমাধ্যম সাবা নিউজ এজেন্সি গতকাল ৩০ আগস্ট এক প্রতিবেদনে ইউএনএইচসিআরের এই তথ্য নিশ্চিত করেছে।
সেখানে আরো বলা হয়েছে, পশ্চিমাঞ্চলীয় প্রদেশ আল হুদায়দার প্রাদেশিক রাজধানী আল হুদায়দা সিটির প্রবেশমুখও বন্যার পানিতে ডুবে গেছে। এছাড়া প্রদেশের বিভিন্ন গ্রাম-শহরে ডুবে গেছে হাজার হাজার বাড়িঘর। এতে অবকাঠামো এবং কৃষির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু এলাকার রাস্তাঘাট ও সড়ক যোগাযোগ নেটওয়ার্ক ধ্বংস হয়ে গেছে।










