গাজায় ইসরায়েলি হামলায় প্রতিদিন কমপক্ষে ১০০ শিশু হতাহত হচ্ছে বলে দাবি করেছে জাতিসংঘ। শিশু ছাড়াও গাজায় ইসরায়েলের তাণ্ডবে প্রতিদিন অর্ধশতাধিক মানুষের মৃত্যু হচ্ছে। আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছেন হাজার হাজার মানুষ।
পরিস্থিতি এতই ব্যাকুল যে গাজার আল-আহলি হাসপাতালে আহতদের চিকিৎসা দেয়ার মতো আর কোনো জায়গা অবশিষ্ট নেই। শুক্রবার (৪ এপ্রিল) ভোর থেকে অন্তত ৩৮ জন ফিলিস্তিনি নিহত ও শতাধিক আহত হওয়ার পর হাসপাতালের পরিচালক এ কথা জানিয়েছেন। খবর আল- জাজিরা।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনআরডব্লিউএ) প্রধান ফিলিপ লাজারিনি জানিয়েছেন, পরিস্থিতি ক্রমাগত অবনতির দিকে যাচ্ছে এবং মানবিক সংকট চরমে পৌঁছেছে। হাজার হাজার শিশু হাত-পা হারিয়েছে এবং তারা চরম মানসিক ট্রমার ভেতর দিয়ে দিন কাটাচ্ছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় ৮৬ জন নিহত ও ২৮৭ জন আহত হন।
হামাস সতর্ক করে বলেছে, গাজায় অবশিষ্ট যে বন্দিরা রয়েছে তাদের অর্ধেকই এখন চরম ঝুঁকির মধ্যে রয়েছে। কারণ তারা ইসরায়েলি সেনাবাহিনীর নতুন জোরপূর্বক উৎখাত আদেশপ্রাপ্ত এলাকায় অবস্থান করছে।










