ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় একদিনে আরো কমপক্ষে ৮২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যুদ্ধবিরতির আলোচনা চলার মধ্যেই ইসরায়েলি বর্বর হামলায় তারা নিহত হন। এর মধ্যে শিশুখাদ্য নেয়ার লাইনে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। এতে কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। খবর আল জাজিরা।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, বৃহস্পতিবার ভোর থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় কমপক্ষে আরো ৮২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই প্রাণহানির ঘটনা ঘটেছে এমন এক সময়ে, যখন গাজায় যুদ্ধবিরতির জন্য আলোচনা চলছে এবং রাফাহতে ফিলিস্তিনিদের জোরপূর্বক স্থানান্তরের পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে। নিহতদের মধ্যে ১৫ জন একসঙ্গে নিহত হন মধ্য গাজার দেইর আল-বালাহ শহরে শিশুখাদ্য সংগ্রহের লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায়। এদের মধ্যে ৯ জন শিশু ও ৪ জন নারী। এ হামলায় আরও অন্তত ৩০ জন আহত হন, যাদের মধ্যে ১৯ জনই শিশু।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল এ হামলার কঠোর নিন্দা জানিয়ে বলেন, ‘মানুষ যখন বেঁচে থাকার জন্য সাহায্য নিতে যাচ্ছে, তখন তাদের হত্যা করা একেবারেই অমানবিক। তিনি বলেন, ‘গাজায় মাসের পর মাস যথেষ্ট সাহায্য না পৌঁছানোর ফলে এখন শিশুরা অনাহারে দিন কাটাচ্ছে এবং দুর্ভিক্ষের আশঙ্কা ক্রমেই বাড়ছে।’










