প্রায় ১২ হাজার বছর পর হঠাৎ জেগে উঠেছে ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত ‘হাইলি গুব্বি’ নামে একটি আগ্নেয়গিরি। রোববার শুরু হয় অগ্ন্যুৎপাত। স্মিথসোনিয়ান ইনস্টিটিউশনের ‘গ্লোবাল ভলকানিজম প্রোগ্রাম’ থেকে পাওয়া তথ্য বলছে, গত ১২ হাজার বছরে হাইলি গুব্বি আগ্নেয়গিরি থেকে এটিই প্রথম অগ্ন্যুৎপাতের ঘটনা।
ইথিওপিয়ার স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অগ্ন্যুৎপাতের ফলে ছাইয়ের আস্তরণে ঢেকে গেছে আশপাশের গ্রামগুলো। স্যাটেলাইট চিত্রেও একই ছবি দেখা গেছে। এতে লোহিত সাগরের ওপর ছাইয়ের মেঘ ভাসতে দেখা যায়। ফ্রান্সের টউলুস ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (ভিএএসি) জানিয়েছে, ঘন ছাইয়ের মেঘ আকাশে ১৫ কিলোমিটার পর্যন্ত উঠে যায়। ইয়েমেন, ওমান, ভারত ও পাকিস্তানের আকাশেও ছাই ভেসে যায়। দিল্লি আর উত্তর ভারতের আকাশ পেরিয়ে ছাই উড়ে যাচ্ছিল চীনের দিকে। মাত্র ৫০০ মিটার উচ্চতার আগ্নেয়গিরির জন্য এটি অস্বাভাবিক বড় বিস্ফোরণ।
এ পরিস্থিতিতে ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বিমান সংস্থাগুলোর উদ্দেশে সতর্কবার্তা জারি করে। সম্ভাব্য প্রভাবিত অঞ্চলকে এড়িয়ে চলার পরামর্শ দেয়া হয়। সতর্কতামূলক পদক্ষেপের অংশ হিসেবে গতকাল সন্ধ্যা পর্যন্ত এয়ার ইন্ডিয়ার ১১টি ফ্লাইট বাতিলের খবর দিয়েছে বিবিসি। এছাড়া ইন্ডিগো, আকাসা এয়ার ও কেএলএম এয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বিবিসি।










