ইউক্রেনে রুশ অভিযানের সঙ্গে সংশ্লিষ্ট ও অন্যান্য শীর্ষ সামরিক কর্তার সঙ্গে বৈঠক করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ফ্রন্টে রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণে ইউক্রেনের জয়ের দাবির পর এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানায় ক্রেমলিন। খবর রয়টার্স।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ শুরু করে রাশিয়া। রুশ পক্ষ থেকে একে বিশেষ সামরিক অভিযান হিসেবে উল্লেখ করা হয়েছে। রোস্তোভ-অন-ডনে বিশেষ সামরিক অভিযানের সদর দপ্তরে কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক করেন পুতিন। 

বৈঠকে রাশিয়ার সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ ও অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তার কাছ থেকে ইউক্রেনে মস্কোর কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানতে চান। ইউক্রেনের ফ্রন্টলাইনে থাকা একটি ছোট গ্রাম মুক্ত করার ঘোষণা দেয় ইউক্রেন। এর পরই সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকটি অনুষ্ঠিত হয়। রুশ প্রেসিডেন্টের দপ্তর বৈঠকের বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানায়নি।