ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা গেছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১০টার দিকে নয়াদিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। তার বয়স হয়েছিল ৯২ বছর।

২০০৯ সালে মনমোহন সিংয়ের সফল করোনারি বাইপাস সার্জারি হয়েছিল। ২০২১ সালে কভিড আক্রান্ত হয়ে বেশ কিছুদিন হাসপাতালে ছিলেন তিনি। বয়সজনিত অসুস্থতার কারণে সম্প্রতি তার শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে। গুরুতর অসুস্থ মনমোহন সিংকে দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (এআইআইএমএস) হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

হাসপাতাল কর্তৃপক্ষের বরাত দিয়ে এনডিটিভি তাদের প্রতিবেদনে জানিয়েছে, রাত ৮টা ৬ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয় সাবেক এ প্রধানমন্ত্রীকে। সব প্রচেষ্টা সত্ত্বেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। রাত ৯টা ৫১ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

বর্ষীয়ান কংগ্রেস নেতা মনমোহন সিং দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। এর আগে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তাকে ভারতের অর্থনীতিতে সংস্কারের ক্ষেত্রে কৃতিত্ব দেয়া হয়। রাজনীতিতে আসার আগে মনমোহন সিং ছিলেন ভারতের বিশিষ্ট অর্থনীতিবিদ। তিনি দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) গভর্নরও ছিলেন।

ভারতের সাবেক প্রধানমন্ত্রী পিভি নরসিমা রাওয়ের (১৯৯১-৯৬) সরকারে অর্থমন্ত্রী ছিলেন মনমোহন সিং। মূলত এর পর থেকে তিনি দেশটির রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠেন। অর্থমন্ত্রী থাকাকালে মনমোহন সিং ভারতের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ কিছু সংস্কার উদ্যোগ গ্রহণ করেন। এর মধ্য দিয়ে দেশটির অর্থনীতি নতুন পথে যাত্রা করে।

মনমোহন সিং ২০০৪-১৪ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। চলতি বছরের শুরুর কয়েক মাস পর্যন্ত তিনি দেশটির পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য ছিলেন। গত এপ্রিলে তিনি রাজ্যসভা থেকে অবসর গ্রহণ করেন।