বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের আশ্রয় নেয়া গাজার একটি স্কুলে পুলিশের একটি দলকে লক্ষ্য করে চালানো ইসরায়েলি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। গতকাল রোববার (১ সেপ্টেম্বর) এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য কর্মকর্তারা। খবর আরব নিউজ।
তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা স্কুলে হামাসের একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, গাজা শহরের সাফাদ স্কুলে রোববার ইসরায়েলি বিমান হামলায় এক নারী ও এক কিশোরীসহ ১১ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো বেশ কয়েকজন।
ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, ইসরায়েলি বিমানবাহিনী (আইএএফ) হামাসকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। পূর্বের সাফাদ স্কুল হিসেবে পরিচিত এলাকার ভেতরে অবস্থান করে কমান্ড ও নিয়ন্ত্রণ কেন্দ্র চালিয়ে আসছিল হামাস।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হয়। অব্যাহত এ যুদ্ধে এ পর্যন্ত অন্তত ৪০ হাজার ৭৩৮ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন। জাতিসংঘের হিসাব মতে, নিহতদের অধিকাংশ নারী ও শিশু।










